বর্ষায় কর্মহীন আদিবাসীরা
বর্ষাকাল। চারদিকে থই থই পানি। ফসলের মাঠ, গ্রামের মেঠোপথ, ইটভাটা সবকিছুই ডুবে গেছে। এতে চলনবিলের অন্তর্গত পাবনার চাটমোহর উপজেলা, নাটোরের গুরুদাসপুর ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার প্রায় ৪০ হাজার আদিবাসী কর্মহীন হয়ে পড়েছেন। ফলে তাঁদের মানবেতর দিন কাটছে।
স্থানীয় কয়েকজন আদিবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, পাবনার চাটমোহর ও ভাঙ্গুড়া, নাটোরের গুরুদাসপুর এবং সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় প্রায় ৪০ হাজার আদিবাসী রয়েছে। এদের মধ্যে ওরাঁও, মাহাতো, রাজবংশী, রবিদাস, কনকদাস, মাহালি ও সাঁওতাল সম্প্রদায় উল্লেখযোগ্য। একসময় তারা বনে-জঙ্গলে ঘুরে জীবজন্তু শিকার করত। বর্তমানে জীবজন্তু শিকারে সরকারের নিষেধাজ্ঞা থাকায় তারা বিকল্প পেশা বেছে নিয়েছে। অনেকেই ফসলের মাঠে ও ইটভাটায় কাজ নিয়েছেন। কিন্তু বর্ষা মৌসুমে কর্মক্ষেত্রগুলো বন্ধ থাকায় তাঁরা বেকার হয়ে পড়েছেন। তাই তাঁদের দিন কাটছে অনাহারে।
চাটমোহর উপজেলার বাঘলবাড়ী গ্রামের আদিবাসী অনিতা মাহাতো জানান, বছরের অন্য সময় পরিবারের পুরুষ সদস্যরা কাজ করেন। কিন্তু আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন মাসে বর্ষার কারণে তাঁদের হাতে কাজ থাকে না।
চলনবিল আদিবাসী বহুমুখী সমরায় সমিতির সদস্য শ্রীবাস মাহাতো জানান, আদিবাসীদের সবাই আলাদা দৃষ্টিতে দেখে। অনেকেই কাজে নিতে চান না। সরকারিভাবেও তাদের তেমন কোনো সহায়তা দেওয়া হয় না। ফলে বছরের অধিকাংশ সময় তাদের না খেয়ে দিন কাটাতে হয়।
পাবনা জেলা আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক শ্রী নিবাস মাহাতো বলেন, অভাব আদিবাসীদের নিত্যসঙ্গী। তবে বর্ষার অভাবটা অসহনীয়। পরিবারের সদস্যদের খাবার জোগাতে অনেককেই চড়া সুদে মহাজনের কাছ থেকে ঋণ গ্রহণ এবং অল্প দামে অগ্রিম শ্রম বিক্রি করছেন। আবার অনেকেই মাদকদ্রব্য তৈরি ও বিক্রির সঙ্গে জড়িয়ে পড়ছেন।
বাঁচার তাগিদে আগাম শ্রম বিক্রির কথা জানান চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাসিন্দা প্রলয় মাহাতো। বলেন, ‘ভরা মৌসুমে যে শ্রম ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হবে, তা এখন ১০০ থেকে ১৫০ টাকায় অগ্রিম বিক্রি করতে হচ্ছে। পানি নেমে গেলে কাজ করে শোধ করতে হবে।’
হান্ডিয়াল গ্রামের রূপালী কোরকাটা বলেন, ‘আগে বর্ষার সুময় খেজুরপাতার পাটি ও ঝাড়ু বানানোসহ বিভিন্ন হাতের কাজ করে আমরা জীবন চালাতাম। এখন খেজুরপাতা ও ছন পাওয়া যায় না। তাই এ কামডাও ঠিকমতো করতে পারি না। তাই মাঝেমধ্যে উপোস থেকেই দিন কাটাই।’
পাবনা-নাটোর-সিরাজগঞ্জ আদিবাসী ফাউন্ডেশনের সভাপতি ফিলিপ সমাদ্দার প্রথম আলোকে বলেন, ‘এককথায় আদিবাসীরা ভালো নেই। একসময় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা আদিবাসীদের উন্নয়নে হাঁস-মুরগি, ছাগল ও গাভি পালনসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিল। শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানসহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে সহযোগিতা করত। তিন বছর ধরে তাদের কার্যক্রম বন্ধ। তাই আমরা সরকারের কাছে ভিজিএফ, ভিজিডি, বয়স্ক ভাতা ও ক্ষুদ্রঋণ সহযোগিতার দাবি জানাচ্ছি।’