বর্ষায় জমজমাট চাক জালের হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের বালুর মাঠে বর্ষা মৌসুমের প্রতি বুধবার সুতা ও বাঁশের কঞ্চির তৈরি চাক জালের হাট বসে। প্রতিটি জাল আকারভেদে ২০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হয়। ছবিটি গতকাল দুপুরে তোলা l এ কে এম ফয়সাল
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের বালুর মাঠে বর্ষা মৌসুমের প্রতি বুধবার সুতা ও বাঁশের কঞ্চির তৈরি চাক জালের হাট বসে। প্রতিটি জাল আকারভেদে ২০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হয়। ছবিটি গতকাল দুপুরে তোলা l এ কে এম ফয়সাল

চিকন সুতা ও বাঁশের কঞ্চি দিয়ে তৈরি। চাকার মতো ঘোরানো যায়, তাই এর নাম চাক জাল। দেখতে অনেকটা ‘বুচনা’ চাঁইয়ের মতো। স্থানীয় লোকজনের কাছে এটি বুচনা জাল নামে পরিচিত। বর্ষা মৌসুমে উপকূলীয় এলাকার বিভিন্ন হাটবাজারে এ জালের বেচাকেনা হয়।

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরশহরের বালুর মাঠে এবার চাক জালের বেচাকেনা বেড়েছে। প্রতি বুধবার এখানে হাট বসে।

চাক জালের কারিগরদের সঙ্গে কথা বলে জানা যায়, আগে বর্ষাকালে ধানখেত ও নালায় বাঁশের তৈরি চাঁই পেতে মাছ ধরা হতো। এক দশক ধরে উপকূলীয় এলাকায় বাঁশের দাম বৃদ্ধি পাওয়ায় চাঁইয়ের উৎপাদন খরচ কয়েক গুণ বেড়ে গেছে। তা ছাড়া বাঁশের সংকটও রয়েছে। অন্যদিকে চাক জাল তৈরিতে খরচ কম। জাল তৈরির কাঁচামাল সহজে পাওয়া যায়। তাই বাঁশের তৈরি চাঁইয়ের বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে চাক জাল। এটি দেখতে বুচনা চাঁইয়ের মতো। শুধু বাঁশের পরিবর্তে সুতার জাল ব্যবহার করা হয়। সাধারণত চিংড়ি মাছ ধরার জন্য কৃষক ও মৌসুমি জেলেদের কাছে চাক জালের চাহিদা বেশি।

মঠবাড়িয়া সদর ইউনিয়নের মিঠাখালী গ্রামের অর্ধশত পরিবার বর্ষা মৌসুমে চাক জাল তৈরি করে বাড়তি আয় করছে। অবসর সময়ে নারী ও পুরুষেরা ঘরে বসে চাক জাল তৈরি করেন। একজন প্রতিদিন দুই থেকে তিনটি জাল তৈরি করতে পারেন।

দক্ষিণ মিঠাখালী গ্রামের দুলাল মুনশি বলেন, প্রতিদিন তাঁরা কৃষিকাজের অবসরে চাক জাল তৈরি করেন। ঘরে বসে নারীরাও চাক জাল তৈরি করেন। প্রতি বুধবার হাটে জাল নিয়ে যান। বড় চাক জাল ৩০০-৪০০ টাকা এবং ছোট চাক জাল ২০০-২৫০ টাকায় বিক্রি হয়। খরচ বাদে প্রতিটিতে ৮০-১০০ টাকা লাভ থাকে।

চাক জালের আরেক কারিগর শাহাদাৎ হোসেন বলেন, বাঁশের তৈরি চাঁইয়ের ব্যবহার কমে যাওয়ায় জেলেরা চাক জালের দিকে ঝুঁকেছেন। তাঁর হিসাবে মঠবাড়িয়ার বালুর মাঠে প্রতি হাটে ৫০০-৭০০টি চাক জাল বিক্রি হয়।

জাল কিনতে আসা শিঙ্গা গ্রামের জেলে কামাল হোসেন বলেন, চাক জাল দিয়ে শুধু চিংড়ি মাছ ধরা হয়। বর্ষা মৌসুমে ধানখেতে ও ছোট নালায় প্রচুর চিংড়ি মাছ পাওয়া যায়। চিংড়ি মাছ ধরার জন্য চাক জালের ব্যাপক চাহিদা রয়েছে।