বর্ষায় ঝুঁকিতে পড়বে লক্ষাধিক রোহিঙ্গা
* বছরের মাঝামাঝি থেকে শুরু হচ্ছে বর্ষা মৌসুম।
* ১ লাখের বেশি রোহিঙ্গা চরম ঝুঁকিতে।
* সুরক্ষার জন্য আশপাশে বা নতুন জায়গায় সরানো দরকার।
* জায়গার অভাবে সুবিধা নিশ্চিত করা দুরূহ হয়ে পড়েছে।
* মহামারি আকারে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশের অবহেলিত ও কর্দমাক্ত শিবিরগুলোতে আশ্রয় নেওয়া এক লাখের বেশি রোহিঙ্গা বর্ষা মৌসুমে চরম ঝুঁকিতে পড়বে। এ বছরের মাঝামাঝি থেকে শুরু হচ্ছে বর্ষা মৌসুম।
জাতিসংঘের একটি মানবিক প্রতিবেদনকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ভূমিধস ও বন্যার ঝুঁকিসংক্রান্ত মানচিত্রে উঠে এসেছে, মিয়ানমার থেকে পালিয়ে আসা ১ লাখের বেশি রোহিঙ্গা চরম ঝুঁকিতে আছে। এদের সুরক্ষার জন্য এখন তারা যেখানে আছে, তার আশপাশে কিংবা নতুন জায়গায় তাদের সরানো দরকার। জায়গার অভাবে সেখানে বসবাসের পরিস্থিতি এতটাই বাজে হয়েছে, যার কারণে সুবিধা নিশ্চিত করা দুরূহ হয়ে পড়েছে। এর পাশাপাশি সম্প্রতি বিভিন্ন এলাকায় ডিপথেরিয়া ছড়িয়ে পড়ায় মহামারি আকারে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
২০১৭ সালের আগস্ট থেকে এ পর্যন্ত ৬ লাখ ৮৮ হাজার রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসেছে।
‘সেফ স্পেস’ চালু
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মিয়ানমারে সহিংসতা আর ধর্ষণের শিকার হওয়ার পর দুর্বিষহ যন্ত্রণা বয়ে বেড়ানো রোহিঙ্গা নারীদের জন্য সব ধরনের মৌলিক উপাদানগুলো নিয়ে ‘সেফ স্পেস’ নামের কেন্দ্র চালু হয়েছে।
আইওএমের মানসিক সহায়তা কর্মী লুফতা বক্সী বলেন, ‘রোহিঙ্গা নারীদের সঙ্গে এত কিছু হওয়ার পর অধিকাংশই আয়নায় নিজের মুখ দেখতে ভয় পান। আমরা আয়নায় তাঁদের নিজেদের মুখ দেখতে উৎসাহিত করতে চাই। এখনো যে তাঁরা সুন্দর, সেটা আয়নায় তাকিয়ে বুঝবেন। আর জীবনটা যে এখনো সুন্দর হতে পারে, সেটাও তাঁরা বুঝতে পারবেন।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রের বাইরের বাগানে এর মধ্যেই একটি সূর্যমুখী ফুল উপস্থিতির জানান দিচ্ছে। কেন্দ্রের দেয়ালে শোভা পাচ্ছে কাগজের ফুল। শিবিরের বাইরের শোরগোল ও বিশৃঙ্খলা—যেখানে জীবনটা হইচই, কঠিন ও নানা বিপদের হাতছানি—সেখানে উঁচু বাঁশের দেয়াল কেন্দ্রটিতে সুরক্ষা দিচ্ছে। আর এর ভেতরের পরিবেশ একধরনের শান্তি ও নিরাপত্তার অনুভূতি এনে দেয়। শুধু নারীদেরই এখানে প্রবেশের সুযোগ রয়েছে। এমনকি কেন্দ্রের প্রবেশপথে বাঁশের ছোট কক্ষটিতে বসে থাকা প্রহরীও একজন নারী। কেন্দ্রে যাঁরা আসবেন, তাঁদের জন্য এটা অনেক কিছু।
সম্প্রতি আইওএম এ ধরনের চারটি কেন্দ্র চালু করেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ ধরনের আরও চারটি কেন্দ্র চালুর পরিকল্পনা আছে।
কেন্দ্রে নিজের অভিজ্ঞতা বলতে গিয়ে আসমা নামের এক তরুণী মা বলেন, ‘এখানে বোনদের সঙ্গে নিজেদের দুশ্চিন্তার বিষয়গুলো নিয়ে আলাপের পর অনেকটা নির্ভার মনে হয়। এখানে আমরা একে অন্যের কাছে শিখতে পারায় একধরনের তৃপ্তি বোধ করি। মিয়ানমারে আমাদের এই সুযোগটা ছিল না। আমাদের দল বেঁধে গল্প করার সুযোগ ছিল না। কারণ আমরা একসঙ্গে জড়ো হলেই কর্তৃপক্ষ ভাবত, আমরা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে বসেছি।’