বর্ষায় ডুবে যায় সেতু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ষার পানিতে ডুবে গেছে সেতু। তাই হাঁটুপানিতে চলাচল করতে হচ্ছে মানুষকে। গতকাল তোলা ছবি l প্রথম আলো
বর্ষার পানিতে ডুবে গেছে সেতু। তাই হাঁটুপানিতে চলাচল করতে হচ্ছে মানুষকে। গতকাল তোলা ছবি l প্রথম আলো

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে খালের ওপর নির্মিত সেতুটি বর্ষা এলেই পানিতে ডুবে যায়। এতে সেতু দিয়ে চলাচলকারী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলজিইডির সোনারগাঁ উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৩-২০১৪ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে মোগরাপাড়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের খালের ওপর পাঁচ লাখ টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে বর্ষা মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে সেতুটি পানিতে তলিয়ে যাচ্ছে। ফলে বর্ষায় দুর্ভোগে পড়েন ওই গ্রামের দুই হাজার বাসিন্দা এবং তাঁদের স্কুল-কলেজগামী সন্তানেরা।
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফ মাসুদ বলেন, ‘এলজিইডির প্রকৌশলীদের ভুল নকশায় সেতুটি নির্মিত হয়। এতে শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যে এগিয়ে থাকা আমার ইউনিয়নের গ্রামের মানুষকে খেসারত দিতে হচ্ছে।’ তিনি আরও বলেন, দুর্নীতি ও অনিয়ম করে পুরোনো নকশা দিয়ে আরসিসি পিলারের পরিবর্তে ইটের পিলার দিয়ে সেতুটি করা হয়। এ ছাড়া দুই পাশের সংযোগ সড়ক থেকে কমপক্ষে ২০ ফুট নিচু করে এবং নিম্নমানের সামগ্রী দিয়ে সেতুটি নির্মাণ করা হয়। ফলে বর্ষার পানি খালে ঢোকার সঙ্গে সঙ্গে সেতুটি তলিয়ে যায়।
গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, বর্ষার সামান্য পানিতেই সেতুটি তলিয়ে গেছে। গ্রামবাসী হাঁটু ও কোমর পর্যন্ত পানি মাড়িয়ে সেতু পারাপার হচ্ছে।
মোগরাপাড়া ইউনিয়নের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য ও ভাটিপাড়া গ্রামের বাসিন্দা আবদুল হক বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সেতুটি নির্মাণ করা হয়। অথচ সেতু হওয়ার পর মানুষের দুর্ভোগ আগের চেয়ে বেড়েছে। এ গ্রামের অধিকাংশ মানুষ সুতা তৈরির ব্যবসার সঙ্গে জড়িত। সুতার কাঁচামাল আনা-নেওয়া করতে এ সেতু ব্যবহার করা ছাড়া তাদের বিকল্প নেই। তা ছাড়া এ গ্রামের বাসিন্দাদের ছেলেমেয়েরা স্কুল-কলেজে যেতে এ সেতু ব্যবহার করে। এক সপ্তাহ ধরে সেতুটি পানির নিচে তলিয়ে আছে।
ভাটিপাড়া গ্রামের বাসিন্দা মিলন মিয়া বলেন, ‘এ সেতু মানুষের কোনো কাজে আসছে না। এটা অবিলম্বে ভেঙে নতুন নকশায় সেতু নির্মাণ করা জরুরি। আর সেতু নির্মাণের সঙ্গে জড়িত এলজিইডির প্রকৌশলীদের শাস্তির দাবি করছি।’
এলজিইডির সোনারগাঁ উপজেলা প্রকৌশলী নুর নবী পাঠান বলেন, যে উপসহকারী প্রকৌশলী সেতুর নকশা তৈরি করেছেন, তাঁর বিরুদ্ধে প্রশাসনিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের চিঠি দেওয়া হবে।