বর্ষায় দুই কোটি টাকা ব্যয়, এখন খবর নেই

নিচ থেকে তাকালে মনে হয় বালুর বস্তার পাহাড়৷ বস্তা বেয়ে ওপরে উঠলেই খানপুর বিজিবি ক্যাম্প৷ গত ভরা বর্ষায় এভাবে বস্তা ফেলে ক্যাম্পটিকে বাঁচাতে প্রায় দেড় কোটি টাকা খরচ করা হয়৷ প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ের পর অপর একটি ক্যাম্পকে পরিত্যক্ত ঘোষণা করা হয়৷ শেষ পর্যন্ত সেটি নদীতেই নেমে যায়৷
এলাকাবাসীর ক্ষোভ, বর্ষায় সরকারের যে উদ্যোগ ছিল, শুকনো মৌসুমে তা আর নেই৷ অথচ এখনই উদ্যোগ না নিলে পদ্মার দক্ষিণ তীরে আর বাংলাদেশের মাটি থাকবে না৷ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, তারা মন্ত্রণালয়ে প্রকল্প দাখিল করেছে৷ সেটি প্রক্রিয়াধীন রয়েছে৷
খানপুর, খিদিরপুর ও মাঝারদিয়াড়—তিনটি বিজিবি ক্যাম্পই ছিল রাজশাহীর পবা উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রামে৷ সীমান্তের পাঁচটি গ্রামের মধ্যে ইতিমধ্যে তারানগর ও নবীনগর পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে৷ এখন শুধু মাঝারদিয়াড়, খিদিরপুর ও খানপুর গ্রামের অবশিষ্টাংশ রয়েছে৷ এই তিন গ্রামের এখন প্রায় ২০ হাজার মানুষের বসবাস৷ এলাকাবাসীর আশঙ্কা, ভাঙন থেকে এই গ্রাম তিনিটকে বাঁচাতে না পারলে পদ্মা ভারতের ভেতর দিয়ে প্রবাহিত হবে৷ বাংলাদেশ মাটিও হারাবে, নদীর দখলও হারাবে৷
রাজশাহী পাউবো সূত্রে জানা গেছে, পদ্মার ভাঙন থেকে খিদিরপুর ও খানপুর বিজিবি ক্যাম্প দুটি রক্ষার জন্য গত বছরের ২৫ জুলাই থেকে ক্যাম্পের পাশে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়৷ তখন ভাঙন তীব্র থেকে তীব্রতর হচ্ছিল৷ খানপুর ক্যাম্প ও নিকটবর্তী ১৬৪ নম্বর সীমান্ত পিলার রক্ষায় ৩৫ হাজার জিও ব্যাগ ফেলা হয়৷ এ জন্য এক কোটি ৬৮ লাখ টাকার প্রকল্প হাতে নেওয়া হয়৷ এর প্রায় ৭০ শতাংশ ব্যয় করা হয়৷
আর খিদিরপুর ক্যাম্প রক্ষার জন্য ৬৩ লাখ টাকার প্রকল্পের ৮০ শতাংশ কাজ করার পর তীব্র ভাঙনের কারণে প্রকল্পটি পরিত্যক্ত ঘোষণা করা হয়৷ ক্যাম্পটি বিলীন হয়ে যায়৷ সেই সঙ্গে খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুই শতাধিক মানুষের ঘরবাড়ি বিলীন হয়ে যায়৷
খিদিরপুর ক্যাম্পের অর্ধেক ভাঙার সময় পাউবোর মহাপরিচালক আজিজুল হক ওই এলাকা পরিদর্শনে গেলে এলাকাবাসী তাঁর কাছে অভিযোগ করেন, পাউবোর কর্মকর্তা ও ঠিকাদারদের গািফলতির কারণেই ভাঙন প্রতিরোধের কাজ কোনো কাজে আসেনি৷ মহাপরিচালক সেদিন উপস্থিত সাংবাদিকদের বলেছেন, যেকোনো মূেল্য বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করা হবে৷ আর গাফিলতির বিষয়টি তদন্ত করার জন্য বিভাগীয় কমিটি গঠন করা হবে৷ কমিটির প্রতিবেদন পেলেই সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ সেই সঙ্গে খিদিরপুর, খানপুর ও মাঝারদিয়াড় এলাকায় ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে৷ পরে এ বিষয়ে আর কিছুই হয়নি৷
গত ২৭ জানুয়ারি ওই এলাকায় গিয়ে দেখা যায়, খানপুর ক্যাম্পের নিচেই পানি৷ এর পূর্ব পাশও অনেকটা জায়গা ভেঙে নদী ভেতরে ঢুকেছে৷ পদ্মার তিন দিক থেকেই ক্যাম্পটিকে ঝুঁকির মুখে ফেলে রেখেছে৷ মাঝারদিয়াড় ক্যাম্পের পাশেও নদী৷ খিদিরপুর ক্যাম্প যেখানে ছিল, সেখানে এখন গভীর পদ্মা৷ খিদিরপুর প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবন ও শহীদ মিনার আর নেই৷
খিদিরপুর গ্রামের মহির উদ্দিন (৭০) নদীর ভেতরে একটি নৌকা দেখিয়ে বলেন, সর্বশেষ ওখানে ছিল তাঁর ভিটে৷ এ নিয়ে তাঁকে পাঁচবার বাড়ি ভাঙতে হয়েছে৷ জায়গা-জমি যা ছিল সব শেষ৷ এখন দিনমজুর৷ খানপুর গ্রামের আবদুর রহমান বলেন, ৩৫ বিঘা জমি ছিল৷ ভাঙনে আর কিছু নেই৷ এখন নদীর ধারে একটা দোকান করেছেন৷ গ্রাম না বাঁচলে তাঁদের আর বাঁচার উপায় নেই৷
বিজিবি ৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজিম খান বলেন, নদীর ভাঙন থেকে ভারতীয় সীমান্তের এই ভূখণ্ড রক্ষার জন্য সবাত্মক চেষ্টা চলছে৷ নদী ভারত সীমান্তের ভেতরে ঢুকলে আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী নদীর মাঝ সীমানা পর্যন্ত বিএসএফ টহল দিতে পারবে৷ এ জন্য এখনই এর সংরক্ষণকাজে হাত দেওয়া জরুরি৷
পাউবো রাজশাহীর নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ে ইতিমধ্যে ১৭৪ কোটি টাকার একটা প্রকল্প জমা দেওয়া হয়েছে৷ মন্ত্রণালয় থেকে এটা পরিকল্পনা কমিশনে যাবে৷ বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে৷ তিনি স্বীকার করেন, কাজের সময় পার হয়ে যাচ্ছে৷ এ জন্য প্রকল্পটি পাস করার জন্য তাঁরা জোর চেষ্টা চালাচ্ছেন৷ প্রকল্পটির কাজ শুরু হলে নদীর ডান তীরের সাড়ে চার কিলোমিটার এলাকা স্থায়ীভাবে সংরক্ষণ করা যাবে বলে জানান তিনি৷