বর্ষায় নৌকো, হেমন্তে সাঁকো
বর্ষাকালে নৌকো আর হেমন্তকালে বাঁশের সাঁকো—যুগ যুগ ধরে এ ব্যবস্থা মেনে নিতে হচ্ছে বিশাল একটি অঞ্চলের মানুষকে। ওপারে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়ন এবং এপারে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন। মাঝখানে খরস্রোতা ধলাই নদী তৈরি করেছে বিভেদরেখা ও দুর্ভোগ। এ বিভেদরেখা ও দুর্ভোগ ঘোচাতে চাই একটি সেতু।এলাকাবাসী জানিয়েছে, পালপুর-শ্যামেরকোনা ধলাই খেয়াঘাট সড়কের ধলাই খেয়াঘাট পড়েছে মৌলভীবাজার জেলার তিনটি উপজেলা রাজনগর, মৌলভীবাজার সদর ও কমলগঞ্জ উপজেলার সংযোগস্থলে। এ মেঠোপথ ধরে রাজনগরের কামারচাক ইউনিয়ন, কমলগঞ্জের পতনঊষার ও কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষ প্রতিদিন জেলা সদরে আসা-যাওয়া করে। এ রাস্তা এই অঞ্চলের মানুষের মৌলভীবাজার জেলা সদরে আসা-যাওয়ার সংক্ষিপ্ত পথ। কিন্তু ধলাই খেয়াঘাটে একটি সেতু না থাকায় মানুষের দুর্ভোগের শেষ নেই। বিশেষ করে কামারচাক ইউনিয়নের দক্ষিণাঞ্চলের মানুষেরই দুর্ভোগ বেশি। এ এলাকার ব্যবসায়ী, চাকরিজীবী ও শিক্ষার্থীদের প্রতিদিনই খেয়াঘাট পার হতে হয়। খেয়াঘাটের পূর্বাঞ্চলে কোনো উচ্চবিদ্যালয় নেই। এ এলাকার শিক্ষার্থীরা নদীর পশ্চিম এলাকার অভয়চরণ উচ্চবিদ্যালয়ে লেখাপড়া করে। এ ছাড়া নদীর পূর্ব এলাকার নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কাছে হওয়ায় পশ্চিম পারের শিক্ষার্থীরাও নদী পার হয়ে ওপারে যায়। ছোট ছোট ছেলেমেয়েদের এ খেয়াঘাট পার হতে প্রায় প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনায় পড়তে হচ্ছে। পশ্চিম শ্যামেরকোনা গ্রামের পঞ্চম শ্রেণীর ছাত্রী আমেনা আক্তার বলেছে, ‘আমাদের অনেক কষ্ট। চার-পাঁচ দিন আগে সাঁকো থেকে পানিতে পড়ে গেছি। কিছুটা সাঁতার জানি। পানিতে ভাসতেছিলাম। এলাকার মানুষ আমাকে পাড়ে তুলেছেন।’ এ রকম অনেক দুর্ভোগের কথা বলল নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী হাবিবুর রহমান, তামান্না রহমান, পলি বেগম, পারভেজ আহমদ প্রমুখ।কামারচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমদ বুধবার প্রথম আলোকে বলেন, ‘এখানে সেতু হওয়াটা খুব জরুরি। স্থানটি জেলা সদরের সঙ্গে যোগাযোগের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেতু হলে আমার ইউনিয়ন ছাড়াও কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার মানুষ উপকৃত হবে।’ স্থানীয় প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. নুরুন্নবী বলেন, ‘স্থানটিতে সেতু হওয়া দরকার। এতে অনেক এলাকার মানুষের যোগাযোগ সুবিধা হবে। আমরা সেতুর জন্য চারবার দরপত্র আহ্বান করেছি। কেউ অংশ নেয়নি। আগামী জুলাই মাসে নতুন করে আবার দরপত্র আহ্বান করব।’