বর্ষায় বাজারটি কি বিলীন হয়ে যাবে?

জামালপুরের ইসলামপুর গুঠাইল হার্ড পয়েন্টের বেশির ভাগ গত বন্যায় ধসে গেলেও এখন পর্যন্ত স্থায়ীভাবে মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বরাদ্দ পাওয়া না গেলে আগামী বর্ষার আগে মেরামতের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা। আশঙ্কা করা হচ্ছে, বর্ষায় গুঠাইল বাজার যমুনায় বিলীন হয়ে যাবে।
সরেজমিনে দেখা গেছে, হার্ড পয়েন্টের পুরো অংশ ভেঙে গেছে। ভাঙনের স্থানে জিও ব্যাগ (বালুভর্তি বস্তা) ফেলা রয়েছে। একটি অংশ ধসে গিয়ে ভাঙন বাজারের দিকে ঢুকে পড়েছে। বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে। ভাঙনের স্থান ও গুঠাইল বাজার একই সঙ্গে রয়েছে। গত বর্ষায় ভাঙন চলাকালে ফেলা অনেক বস্তা ইতিমধ্যে ফেটে গেছে। অনেক জিও ব্যাগ ফেটে নষ্ট হয়ে গেছে। পড়ে আছে এলোমেলোভাবে।
জামালপুরের পাউবো সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে বিদেশি আর্থিক সহায়তায় একটি প্রকল্পের আওতায় ৪৪ কোটি টাকা ব্যয়ে শত বছরের ঐতিহ্যবাহী গুঠাইল বাজারসহ ওই এলাকার বিস্তীর্ণ জনপদ রক্ষায় যমুনার ৬১০ মিটার তীর সংরক্ষণ বাঁধ (হার্ড পয়েন্ট) নির্মাণ করা হয়। এর মধ্যে ২০০৩ থেকে ২০১৩ সালের মধ্যে হার্ড পয়েন্টের প্রায় ৪০০ মিটার বিলীন হয়ে যায়। গত বর্ষা মৌসুমে বাকি ২১০ মিটার গুঠাইল বাজার-সংলগ্ন ভাঙনের মুখে পড়ে। এ সময় গুঠাইল বাজার রক্ষায় জরুরি ভিত্তিতে অস্থায়ীভাবে ১ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ২০০ মিটার হার্ড পয়েন্টে জিও ব্যাগ ফেলা হয়। ভাঙনটি ঐতিহ্যবাহী গুঠাইল বাজার-সংলগ্ন হওয়ায় স্থায়ীভাবে নদীতীর প্রতিরক্ষামূলক কাজের জন্য ২১৭ কোটি টাকা বরাদ্দ চেয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
পাউবো জামালপুরের নির্বাহী প্রকৌশলী নবকুমার চৌধুরী প্রথম আলোকে বলেন, ভাঙনের স্থানটি এখন বাজার-সংলগ্ন। আগামী বর্ষায় সেখানে অস্থায়ীভাবে কোনো কাজ করে বাজারসহ গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা সম্ভব হবে না। তাই সেখানে স্থায়ী নদীতীর প্রতিরক্ষার কাজ করার জন্য ২১৭ কোটি টাকার বরাদ্দ চাওয়া হয়েছে। কাজটি করার জন্য জরুরি ভিত্তিতে বরাদ্দ না পাওয়া গেলে আগামী বর্ষার আগে ভাঙন রোধে কাজ করা সম্ভব নয়। ফলে আসছে বর্ষায় বাজারটি বিলীন হওয়ার আশঙ্কা করা হচ্ছে।