বর্ষায় ভরসা ফেরি-নৌকা
বর্ষা এলেই সড়কের অধিকাংশ স্থান পানিতে তলিয়ে যায়। ফেরি ও নৌকাই হয়ে ওঠে ভরসা। স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের ফজলুল হক সেলবর্ষী সড়কের করুণ অবস্থার কারণে এ দুর্ভোগের সৃষ্টি হয়েছে।স্থানীয় লোকজন জানান, দেড় কিলোমিটারের এই সড়ক দিয়ে মাইজবাড়ী, মাটিকাটা, নতুনবাড়ী, প্রচারপাড়া, পশ্চিমপাড়া, পূর্বপাড়া, রংপুর ও সলফ গ্রামের স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীসহ লোকজন যাতায়াত করে। বর্ষায় চলাচলের অনুপযোগী হয়ে পড়লে নৌকায় চলাচল করে তারা। সময়মতো ফেরি ও নৌকা না পেলে শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে পারে না।নতুনবাড়ী গ্রামের বাসিন্দা হিরু মিয়া (৩৫) জানান, বর্ষা এলেই সড়কটি পানিতে তলিয়ে যায়। দ্রুত এর পূর্ণাঙ্গ সংস্কার শুরু করার জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান।বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী মিশু ও বাদশাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী শান্তা ইসলাম জানায়, বর্ষাকালে সড়ক দিয়ে চলাচলের সময় কাদামাটিতে কাপড় নষ্ট হয়ে যায়। বিকল্প হিসেবে ফেরিতে চলাচলও অনেক ঝুঁকিপূর্ণ। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও ফেরি পাওয়া যায় না।সেলবরষ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলী আমজাদ বলেন, ‘সড়কটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি।’উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. নূরুল আলম চৌধুরী জানান, সড়ক উন্নয়নকাজের দরপত্র প্রক্রিয়াধীন।