বর্ষায়ও বৃষ্টি নেই, ধানখেত চৌচির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষা মৌসুম। তবু কৃষকের ধানের খেতে পানি নেই। খেতের মাটি ফেটে যাচ্ছে। বিত্তবান কৃষকেরা অতিরিক্ত টাকা খরচ করে শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র দিয়ে সেচ দিচ্ছেন। যাঁদের সামর্থ্য নেই, তাঁরা সেচ দিতে পারছেন না। এ কারণে বিঘার পর বিঘা জমি অনাবাদি পড়ে আছে।
কৃষি বিভাগ বলছে, সময়মতো বৃষ্টি না হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। তাদের আশা, কৃষকেরা নিজ উদ্যোগে সেচ দিতে পারলে ফলন হ্রাস পাওয়ার সম্ভাবনা নেই।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হযরত আলী বলেন, রোপা আমন চাষের জন্য মে, জুন ও জুলাই মাসে কমপক্ষে পাঁচ হাজার মিলিমিটার বৃষ্টির প্রয়োজন। সেখানে মে মাসে ১০২, জুন মাসে ১৪২ ও জুলাই মাসে ১৯৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় জানায়, চলতি রোপা আমন মৌসুমে জেলায় ৮৩ হাজার ৪৬৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। জুলাই মাস পর্যন্ত ৭৯ হাজার ২৯৫ হেক্টর জমিতে চাষ হয়েছে। এখনো কিছু জমিতে চাষ হবে। এতে লক্ষ্যমাত্রা অর্জিত হবে।
সম্প্রতি কয়েকটি মাঠে গিয়ে কথা হয় একাধিক কৃষকের সঙ্গে। সদর উপজেলার ধানহাড়িয়া গ্রামের কৃষক মোজাম্মেল হক এবার ১৭ বিঘা জমিতে ধান চাষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এ পর্যন্ত পাঁচ বিঘা জমিতে চাষ করেছেন। পানির অভাবে বাকি জমিতে এখনো চাষ করতে পারেননি।
মোজাম্মেল বলেন, ইরি-বোরো মৌসুমে তাঁরা সেচ দিয়ে ধান চাষ করে থাকেন। ইরি-বোরো ধানের ফলনও বেশি হয়। যে কারণে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন না। কিন্তু রোপা আমনের মৌসুমটি বর্ষার সঙ্গে সম্পর্ক। বৃষ্টির পানিতেই তাঁদের সেচের কাজ হয়ে যায়। কিন্তু এবার পরিমাণমতো বৃষ্টি না হওয়ায় তাঁদের সেচ দিয়েই চাষ করতে হচ্ছে। এতে খরচ পড়ছে বেশি।
একই উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের কৃষক বিশারত আলী বলেন, তাঁর পাঁচ বিঘা জমির ধান চাষের জন্য একটি শ্যালো মেশিন সারাক্ষণ চালু রাখতে হয়েছে। এতে প্রতিদিন তাঁর প্রায় ৫০০ টাকার তেল খরচ হচ্ছে। তিনি আরও বলেন, উঁচু জমিতে শ্যালো মেশিন দিয়েও পানি ওঠাতে না পেরে দুই বিঘা জমিতে চাষ করতে পারেননি। এই অবস্থা অনেকের বলে তিনি জানান।
একই গ্রামের বাবুর আলী বলেন, তাঁদের বাড়ির নিচে আছে পোড়াহাটির বিল। এই বিলেও পানি নেই। এই বিলের অনেক জমিও চাষ করতে পারেননি কৃষকেরা।
কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের কৃষক রমজান আলী বলেন, এই সময় ধানখেতে সেচ দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু এ বছর বৃষ্টি না হওয়ায় সেচ দিতে হচ্ছে। যা তাঁদের চাষের খরচ কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে।
পানির অভাবে রমজান তিন বিঘা জমি চাষ করতে পারেননি। আর ঠিকমতো সেচ দিতে না পারায় ফলন কম হওয়ার আশঙ্কা করছেন।
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হযরত আলী বলেন, ‘গুঁড়ি গুঁড়ি বৃষ্টি প্রায়ই হচ্ছে। কিন্তু কৃষকের ধানখেতের জন্য যে পরিমাণ বৃষ্টির প্রয়োজন, তা হচ্ছে না। যে কারণে কৃষকদের শ্যালো মেশিন দিয়ে সেচ দিতে হচ্ছে।’ তিনি বলেন, বর্তমানে কৃষকেরা যথেষ্ট সচেতন। তাঁরা যেভাবেই হোক ফসল ভালো করে তুলবেনই। যে কারণে ফলন হ্রাসের সম্ভাবনা নেই।