বর-কনের বাবা ও মৌলিভর ১০ দিন করে কারাদণ্ড
বাড়িতে চলছিল বিয়ের শেষ প্রস্তুতি। শিশু মেয়ের অমতে অভিভাবকেরা বিয়ের আয়োজন করেন। বর বিয়ে করতে লোকজন নিয়ে হাজির হন কনের বাড়িতে। কিন্তু বিয়ে বন্ধের উপায় খুঁজে পাচ্ছিল না মেয়েটি। একপর্যায়ে প্রতিবেশী এক ব্যক্তির সহায়তায় মেয়েটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি ফোনে জানিয়ে বসে যায় বিয়ের পিঁড়িতে।
ঠিক এমনি সময় ইউএনওর নির্দেশে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুমারেশ রায় গ্রামপুলিশ নিয়ে হাজির হন বিয়ের আসরে। পালিয়ে যান বর। আটক করেন বর ও কনের বাবা এবং মৌলিভকে। তাঁদের নিয়ে আসা হয় ইউনিয়ন পরিষদে। এরপর ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেন৷ ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার মেনানগর বড়বাড়ি গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ওই গ্রামের কৃষক সাদেকুল ইসলামের ওই মেয়েটি (১১) স্থানীয় চান্দেরপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করে। তার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল পাশের তেলীপাড়া গ্রামের আনারুল হকের ছেলে নূর আমিনের (২৪)।
মেয়েটি বলে, ‘আমি পড়াশোনা করতে চাই। আমার বাবা েতা জেল খাটার পর ঘুরি আসপে। আর বিয়াওটা হইলে উপায় আছিল না। তার পরেও বাপের জন্য খুব খারাপ নাগোচে।’
এ ব্যাপারে মেয়ের বাবা সাদেকুল ইসলাম পুলিশ হেফাজতে বলেন, ‘ভুল করছি। কম বয়সোত বেটির বিয়াও আর দিবার নেও।’
বরের বাবা আনারুল হক বলেন, ‘যা হবার হয়েছে। এসব কেলেঙ্কারি ভাগ্যে ছিল।’
মৌলিভ মনছুর আলী বলেন, ‘আমার ওই বিয়ে পড়াতে যাওয়াটা ঠিক হয়নি।’
এ ব্যাপারে যোগাযোগ করা হলে তারাগঞ্জের ইউএনও গোলাম মওলা বলেন, মেয়েটি আমাকে ফোন করে বিয়ে বন্ধের আকুতি জানায়। এরপর চেয়ারম্যানকে পাঠিয়ে বর ও কনের বাবা এবং মৌলিভকে ধরে এনে বাল্যবিবাহের প্রস্তুতি নেওয়ার অপরাধে প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়েছে।