বল গড়ায় না, গরু চরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বল গড়ায় না, গরু চরে
বল গড়ায় না, গরু চরে

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের আধুনিক স্টেডিয়ামটির অবস্থা এখন বেহাল। উদ্বোধনের বছরে খেলাধুলা হলেও এরপর ১৬ বছর স্টেডিয়ামে কোনো খেলাধুলার আয়োজন নেই। ঘন জঙ্গল, ঘাস আর কাশবনে ভরা স্টেডিয়ামটি এখন গোচারণ ভূমিতে পরিণত হয়েছে।
সান্তাহার পৌর ক্রীড়া সংস্থা ও আদমদীঘি উপজেলা ক্রীড়া সংস্থার দ্বন্দ্বই এর বেহালদশার অন্যতম কারণ বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন।
স্টেডিয়াম কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে স্টেডিয়ামটির নির্মাণকাজ শুরু হয়। স্টেডিয়ামের প্যাভিলিয়ন ও গ্যালারি নির্মাণে ব্যয় হয় প্রায় দুই কোটি টাকা। স্টেডিয়ামটি নির্মাণের পর ১৯৯৭ সালে তৎকালীন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের এর উদ্বোধন করেন। খেলাধুলাসহ জাতীয় দিবসের প্রায় সব অনুষ্ঠানই এখানে আয়োজন করা হতো। আন্তজেলা ফুটবল টুর্নামেন্টেরও আয়োজন করা হয় সেখানে। একপর্যায়ে এটির তদারকি নিয়ে সান্তাহার পৌর ক্রীড়া সংস্থা ও আদমদীঘি উপজেলা ক্রীড়া সংস্থার মধ্যে বিরোধ শুরু হয়।
১৯৯৮ সালে সান্তাহার পৌর ক্রীড়া সংস্থা স্টেডিয়ামটি পরিচালনার জন্য ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ক্রীড়া মন্ত্রণালয় পৌর ক্রীড়া সংস্থা নামের কোনো সংস্থার অনুমোদন নেই জানিয়ে স্টেডিয়ামটি দেখভাল ও পরিচালনার দায়িত্ব উপজেলা ক্রীড়া সংস্থাকে দেয়। তখন থেকেই স্টেডিয়ামে খেলাধুলাসহ সব ধরনের অনুষ্ঠান আয়োজন বন্ধ হয়ে যায়।
২০০২ সালে উপজেলা ক্রীড়া সংস্থার নিষ্ক্রিয়তার কারণে ক্রীড়া মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়। চিঠিতে স্টেডিয়ামটির দেখভাল ও পরিচালনার দায়িত্ব সান্তাহার পৌর ক্রীড়া সংস্থাকে বুঝিয়ে দেওয়ার জন্য উপজেলা ক্রীড়া সংস্থাকে বলা হয়। কিন্তু এখনো উপজেলা ক্রীড়া সংস্থা পৌর ক্রীড়া সংস্থাকে দায়িত্ব বুঝিয়ে দেয়নি।
পৌর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন জানান, সান্তাহার শহর থেকে আদমদীঘি উপজেলার দূরত্ব প্রায় আট কিলোমিটার। এ কারণে উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষে স্টেডিয়ামের দেখভাল করা সম্ভব হয়ে ওঠে না। আগে জাতীয় সব অনুষ্ঠান স্টেডিয়ামে আয়োজন করা হলে বর্তমানে তা উপজেলা সদরের একটি মাঠে হচ্ছে। এসব কারণে আধুনিক মানের এই স্টেডিয়ামটির অবস্থা এখন বেহাল।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহুল আমিন বলেন, বিষয়গুলো খতিয়ে দেখার পর স্টেডিয়ামে যেন পুনরায় খেলাধুলা শুরু করা যায়, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।