বলগেট চালকের অসতর্কতাকে দায়ী করেছে তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে নৌ-দুর্ঘটনার কারণ হিসেবে বলগেট চালকের অসতর্কতাকে দায়ী করেছে তদন্ত কমিটি। এই দুর্ঘটনায় নিখোঁজ আরও দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলো কিশোরগঞ্জের খালিয়াজুড়ি উপজেলার পাঁচহাটি গ্রামের মাইদুল ইসলামের দুই ছেলে লাদেন (৯) ও কিবরিয়া (৩)। গতকাল বুধবার সন্ধ্যায় তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ নিয়ে নৌ-দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৩৯ জনে। গত শনিবার রাতে জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নের আলীপুর গ্রামের পাশে সুরমা নদীতে একটি যাত্রীবাহী নৌকাকে অপর একটি বালুবাহী বলগেট ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে শনিবার রাতে ও রোববার সকালে ৩৭ জনের লাশ উদ্ধার করা হয়।এদিকে নৌ-দুর্ঘটনায় গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি গতকাল বিকেলে তাদের তদন্ত প্রতিবেদন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ফয়জুর রহমানের কাছে জমা দেয়। এতে দুর্ঘটনার কারণ ও দুর্ঘটনা রোধে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। কমিটি সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কারণ হিসেবে বলগেট ও যাত্রীবাহী নৌকায় বাতি না থাকা এবং বলগেট চালকের অসতর্কতার কথা উল্লেখ করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে সুরমা নদীতে রাতে মালবাহী বলগেট ও কার্গো চলাচল বন্ধ রাখার সুপারিশ করেছে কমিটি। নদীতে জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ এবং রাতে নদীপথে প্রতিটি নৌযানে বাতি জ্বালানো বাধ্যতামূলক করার কথাও বলা হয় প্রতিবেদনে। তদন্ত কমিটির প্রধান জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসেম বলেন, ‘বলগেট ও যাত্রীবাহী নৌকা কোনোটিতেই বাতি ছিল না। মূলত এ কারণেই দুর্ঘটনা ঘটেছে। এ জন্য বলগেট চালকের অসতর্কতাও দায়ী। সুরমা নদীতে নৌযান চলাচলের বিষয়-সম্পর্কিত কিছু সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। এগুলো বাস্তবায়িত হলে দুর্ঘটনা কমবে বলে আমরা মনে করি।’এদিকে গতকাল দুপুরে উপজেলার আমানীপুর গ্রামের পাশে সুরমা নদীতে লাদেন ও কিবরিয়ার লাশ ভেসে ওঠে। স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে।জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম খান জানান, উদ্ধার করা দুই শিশুর লাশ সন্ধ্যায় তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।