বলগেট ডুবে পাঁচ শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে একটি মাটিবাহী বলগেট ডুবে অন্তত পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে ফেরিঘাটের পন্টুনের সঙ্গে ধাক্কা লেগে বলগেটটি ডুবে যায়। বলগেট থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১০ শ্রমিক। নিহত শ্রমিকেরা হলেন: হেলাল (২০), মোস্তফা হোসেন (২৪), লুৎফর হোসেন (২৫), সজীব উদ্দিন (২৮) ও জিয়াউর রহমান (৪০)। নিখোঁজ রয়েছেন ছায়েদ আলী মিয়া (৪৩) নামের এক শ্রমিক। তাঁদের সবার বাড়ি পাবনা ও নাটোর জেলার বিভিন্ন এলাকায়। আহত শ্রমিকদের মধ্যে আবদুল কুদ্দুস (৩৫) ও রতনের (২৮) অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।ওই বলগেটের শ্রমিক পাবনার মো. আসাদুল্লাহ জানান, ভোরে শরীয়তপুরের কোদালখালী থেকে এপিএস-২ নামের বলগেটে মাটি ভরে ঢাকার ভক্তপুর যাচ্ছিলেন ৫০ জন শ্রমিক। এ সময় ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বলগেটটি হরিণা ফেরিঘাটের পন্টুনের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। সকাল ১০টা থেকে স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরিরা নিখোঁজ শ্রমিকদের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ এমভি রুস্তম বিকেল পাঁচটায় নারায়ণগঞ্জ থেকে হরিণা ফেরিঘাটে পৌঁছায়। রাত আটটার দিকে বলগেট উদ্ধারের পর ডুবুরিরা পাঁচ শ্রমিকের লাশ উদ্ধার করেন।তদন্ত কমিটি: বিআইডব্লিউটিএর চেয়ারম্যান সামছুদ্দোহা খন্দকার জানান, বলগেট ডুবির ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।