বলতে পারেন আমরা কোন দেশের মানুষ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওপাশে (ভারত) মাটিতে বসে কাঁটাতারের ফাঁক গলে বাংলাদেশের দিকে অশ্রুসিক্ত চোখে অপলক তাকিয়ে আছেন ষাটোর্ধ্ব আমেনা বিবি। কাঁটাতারের বেড়ার এপাশ থেকে সেই অশ্রু স্পষ্ট দেখা যায়। তিনি লালমনিরহাটের আদিতমারী উপজেলার সীমানার ভেতরে অবস্থিত ভারতের বত্রিগাছ ছিটমহল থেকে মেখলিগঞ্জ মহকুমা এলাকায় অবস্থিত তিনবিঘা করিডরে এসেছেন। কেন কাঁদছেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ হয়েও আমরা দেশটিতে যেতে পারি না। আবার ভারতও আমাদের মেনে নেয় না। তাহলে বলতে পারেন আমরা কোন দেশের মানুষ?’ 

ছিটমহল বিনিময়ের দাবিতে গত বুধবার দুপুরে বাংলাদেশ-ভারতের বহুল আলোচিত তিনবিঘা করিডরের ভারত অংশে সুধীরের সমাধিস্থলে আমেনা বিবির মতো দুই সহস্রাধিক নারী-পুরুষ একত্র হয়েছিলেন। ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহলের বাসিন্দা এবং বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতের ১১১টি ছিটমহলের বাসিন্দারা যৌথ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন। ভারতীয় ছিটমহলের বাসিন্দারা বাংলাদেশের এবং বাংলাদেশি ছিটমহলের বাসিন্দারা ভারতীয় পতাকা বহন করেন। এ সময় কাঁটাতারের বেড়ার ওপাশে ভারতের ভূখণ্ডে অবস্থান নেন বাংলাদেশি ছিটমহলের বাসিন্দারা এবং এপারে বাংলাদেশে অবস্থান নেন ভারতীয় ছিটমহলের বাসিন্দারা। এরপর দুই দিকে টাঙানো মাইকে শুরু হয় যৌথ সমাবেশ। সমাবেশে সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলার বাঁশকাটা ছিটমহলের বাসিন্দা শাহ আবদুল হামিদ আফতাবী। তাঁর নাম ওপার থেকে ঘোষণা করা হয়।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভারতের সাবেক বিধায়ক সৌমেন্দ্র নাথ, বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ভারত ইউনিটের সহসাধারণ সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত প্রমুখ। বক্তারা সমাবেশ থেকে দুই দেশের সরকারের কাছে ছিটমহল বিনিময় চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবি জানান। তাঁরা বলেন, এটি করা না হলে উভয় দেশের সর্বোচ্চ আদালতসহ আন্তর্জাতিক আদালতের আশ্রয় নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।