বলদ নেই, শিশুরা টানে ঘানি
ক্যাঁচ ক্যাঁচ শব্দে ঘুরছে ঘানি। ঘানি থেকে ফোঁটায় ফোঁটায় তেল বেয়ে পড়ছে মাটির হাঁড়িতে। একটু পর পর তাতে উঁকি দিচ্ছেন পঁচাত্তর বছর বয়সী সালেক উদ্দিন সরকার। দেরি সইছিল না তাঁর। হাটের বেলা বয়ে যাচ্ছে। হাঁটার গতি বাড়ানোর তাড়া দিচ্ছিলেন তিনি। স্ত্রী-সন্তানের সঙ্গে নিজেও ঘানি টানছিলেন। ভোর থেকে ঘানি টেনে ক্লান্ত হয়ে পড়েছেন স্ত্রী রিতা বেগম (৫৫)।
ঘানি টানতে টানতে স্কুলপড়ুয়া শিশু মাহবুবুল হাসানের (১৫) শরীর থেকেও ঘাম ঝরছে। ক্লান্ত শরীরটা ঢলে পড়তে চাইছে। ভোর থেকে পেটে কিছু পড়েনি তার। শরীর যেন আর চলে না। একটু পর পর দম নিতে হচ্ছে। কিন্তু বিশ্রামের যে সুযোগ নেই। ঘানি টানা শেষ হলেই যেতে হবে স্কুলে। এদিকে বেলা ১০টায় বসবে হাট। তাই বাড়ছে বাবার তাড়া। ঘন ঘন কদম পড়ছে, বাড়ছে তেলের ফোঁটার গতিও।
২১ সেপ্টেম্বর সকাল নয়টার দিকে বগুড়ার সোনাতলা উপজেলার পূর্ব তেকানী চুকাইনগর বাঁধের কলুপাড়ায় আশ্রয় নেওয়া সালেক সরকারের ঘানিঘরে গিয়ে এ দৃশ্য দেখা যায়। শুধু সালেক সরকারের ঘানিঘরে নয়, বলদ না থাকায় স্কুলপড়ুয়া শিশুদের দিয়ে এ ঘানি টানার দৃশ্য আশপাশের বেশ কয়েকটি বাড়িতেও চোখে পড়ে।
কলুপাড়ার লোকজন জানান, তাঁদের পৈতৃক ভিটা ছিল চার কিলোমিটার দূরে পাকুল্যা ইউনিয়নের যমুনাপাড়ের গ্রাম বাউল্যাপাড়ায়। যমুনায় গ্রামটি বিলীন হওয়ার পর আশ্রয়হীন হয়ে পড়া ৬৩টি পরিবার বছর ত্রিশেক আগে এ বাঁধে এসে আশ্রয় নেয়। ৩০-৩২টি পরিবার শহর থেকে কলের তেল এনে গ্রামেগঞ্জে ঘুরে বিক্রি করে। অভাব ও শত প্রতিকূলতার মাঝেও ঘানি টানার পৈতৃক পেশা আঁকড়ে আছে ৮-১০টি পরিবার।
দশম শ্রেণীপড়ুয়া মাহবুবুল বলে, ঘানি টানতে ভীষণ কষ্ট হয়। কিন্তু না টানলে বাবা-মায়ের কষ্ট হবে।
সালেক সরকার বলেন, ‘চায়্যা-চিন্তে কাঠ জোগাড় করে ঘানি বানাচি। টেকার অভাবে বলদ কিনবার পারিচ্চি না। বউ-ছল লিয়ে লিজেরাই ঘানি টানিচ্চি।’
কথা বলার সময় পাশের আরেকটি ঘর থেকে ঘানির ক্যাঁচ ক্যাঁচ শব্দ আসছিল। সেখানে উঁকি দিতেই দেখা গেল, সালেক সরকারের বড় ছেলের বউ মোমেনা বেগম নয় বছর বয়সী মেয়ে ইতি আখতারকে নিয়ে ঘানি টানছেন। ইতি পাশের সরলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে পড়ে।
মোমেনা বেগম বলেন, ‘ছোট্ট মাইয়াডাক দিয়ে ঘানি টানে লিতে কষ্ট লাগে। এ্যাকডা বলদ কিনবার পারলে মাইয়াডার শরীল আরাম পাইতো।’
পাকুল্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ উদ্দিন আকন্দ বলেন, বাঁধে আশ্রিত ওই পরিবারগুলো টাকার অভাবে ঘানির বলদ কিনতে না পেরে নিজেরাই ঘানি টানছে।
সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার মণ্ডল বলেন, মানুষ দিয়ে ঘানি টানার বিষয়টি অত্যন্ত অমানবিক। ভবিষ্যতে সরকারি কর্মসূচি বা তহবিল থেকে পরিবারগুলোকে ঘানি টানার জন্য একটি করে বলদ কিনে দেওয়ার চেষ্টা করা হবে।