বলধায় বিব্রত দর্শনার্থীরা

পুরান ঢাকায় অবস্থিত ঐতিহ্যবাহী বলধা গার্ডেন রাজধানীর একটি দর্শনীয় স্থান। বিরল প্রজাতির নানা রকম উদ্ভিদ রয়েছে সেখানে। দর্শনার্থীদের জন্য তো বটেই, প্রকৃতিপ্রেমিকদের জন্যও অনন্য এক জায়গা এই গার্ডেন। তবে ইদানীং সেখানে ঘুরতে যাওয়া অনেক দর্শনার্থীকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।
বিব্রতকর এই পরিস্থিতির কারণ কিছু তরুণ-তরুণীর দৃষ্টিকটু আচরণ। কোনো কোনো ক্ষেত্রে কম বয়সী ছেলেমেয়েদেরও দেখা যায়। সম্প্রতি এক দুপুরে বলধা গার্ডেনে গিয়ে এমন দৃষ্টিকটু দৃশ্য চোখে পড়ে। এ ছাড়া আছে বখাটেদের উৎপাত।
গুলিস্তান থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রথমবারের বলধা গার্ডেনে বেড়াতে এসেছেন কমল কৃষ্ণ দাস। প্রথম আলোকে তিনি বলেন, ‘এটা ঢাকার একটি দর্শনীয় স্থান। এ ব্যাপারে আগে অনেক শুনেছিলাম, তাই ঘুরতে এসেছি। এখানে অনেক প্রজাতির গাছ আছে, যা অন্য কোথাও নেই। কিন্তু আসার পর দেখলাম পরিবেশ ভালো না।’
কমলের স্ত্রী দীবা বলেন, ‘এখানে অনেকে অশালীন কার্যকলাপে লিপ্ত, যা খুবই দৃষ্টিকটু ও বিব্রতকর। পরিবার-পরিজন নিয়ে আসার মতো অবস্থা এখানে নেই। বাচ্চাদের নিয়ে আসা মোটেই উচিত হবে না। কেউ এখানে বেড়াতে আসতে চাইলে তাকেও আমি নিরুৎসাহিত করব।’

পার্কের ভেতর ধূমপান নিষেধ থাকলেও ধূমপান করতে দেখা গেল কয়েকজনকে। আর গার্ডেনের নোংরা শৌচাগারের গন্ধ যেন আগে থেকেই বলে দিচ্ছে সেখানে কাউকে না যেতে। গার্ডেনের প্রধান আকর্ষণ গাছগুলোতেও পরিচর্যার কোনো ছাপ নেই।
গার্ডেনে বেড়াতে আসা সাইদুল ইসলাম নামের ঢাকা কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র প্রথম আলোকে বলেন, ‘তিন মাস আগে আমি প্রথমবার বলধা গার্ডেনে এসেছিলাম। তারপর আজ আবার বন্ধুকে (নারী) নিয়ে বেড়াতে এলাম। এখানে নিরিবিলি পরিবেশ। বখাটেরা থাকলেও কেউ ডিস্টার্ব করে না। তবে ছোট ভাইবোন সঙ্গে নিয়ে এখানে আসা ঠিক হবে না।’
পুরান ঢাকার ব্যবসায়ী কাওসার আহমেদ প্রথম আলোকে বলেন, ‘জানি, সেখানে অশালীন কার্যকলাপ হয়। পরিবার নিয়ে গেলে বিব্রতকর অবস্থায় পড়তে হতে পারে, তাই যাই না। তবে বলধা গার্ডেনে গাছের কালেকশন খুব ভালো। এখানে এমন কিছু গাছ আছে, যা হয়তো দেশের কোথাও নেই। বিশেষ করে শীতকালে খুব সুন্দর কিছু ফুল ফোটে।’
বলধা গার্ডেনে দায়িত্বরত বন বিভাগের বনসংরক্ষক রেজাউল হক প্রথম আলোকে বলেন, ‘শৌচাগার পরিষ্কার ও কল সংস্কারের জন্য ১৫ থেকে ২০ দিন আগে একজন মিস্ত্রিকে বলা হয়েছে। আর আমরা কাউকে সিগারেট নিয়ে ভেতরে যেতে দিই না। তবে অনেকে লুকিয়ে সিগারেট নিয়ে ভেতরে ঢোকে। আর কাউকে অশালীন কার্যকলাপ থেকে বিরত থাকতে বললে পাল্টা নানা কথা বলে।’

এ ব্যাপারে জানতে চাইলে ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) সুভাষ কুমার পাল প্রথম আলোকে বলেন, বলধা গার্ডেন প্রাঙ্গণে সব সময় পুলিশ মোতায়েন থাকে। অশালীন কার্যকলাপের ব্যাপারে কেউ অভিযোগ দেয়নি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
পুরান ঢাকার ওয়ারীতে ১৯০৯ সালে বলধা এস্টেটসের প্রকৃতিপ্রেমী জমিদার নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরী ৩ দশমিক ৩৮ একর জায়গায় বলধা গার্ডেন প্রতিষ্ঠা করেন। এটি জাতীয় উদ্ভিদ উদ্যানের স্যাটেলাইট ইউনিট। ১৯৬২ সালে বলধা গার্ডেনের দায়িত্ব দেওয়া হয় বন বিভাগকে। শুরুর দিকে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির প্রায় ১৮ হাজার উদ্ভিদ সংগ্রহ ও সংরক্ষণ করা হয়েছিল। এটা মূলত শিক্ষার্থীদের শিক্ষা গবেষণার কাজে সহায়তা দেওয়া এবং দর্শনার্থীদের প্রাকৃতিক শোভা উপভোগকে প্রাধান্য দেওয়ার জন্য তৈরি। বলধা গার্ডেনের প্রধান আকর্ষণ হচ্ছে শঙ্খ নদ, পুকুর ক্যামেলিয়া, সূর্য ঘড়ি, জয় হাউস ও ফার্ন হাউস।