বলবর্ধক ওষুধ খেয়ে তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিরাজের দেওয়া শক্তিবর্ধক ওষুধ খেয়ে সোহাগ হোসেন (২২) নামের সদ্য বিবাহিত এক তরুণের মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। একই ওষুধ খেয়ে রফিক (২৪) নামের আরেক যুবক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার পর অভিযুক্ত কবিরাজ ও তাঁর সহযোগীরা গা-ঢাকা দিয়েছেন।নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা হাটবোয়ালিয়া গ্রামের ঘোনাপাড়ার আহার আলীর ছেলে সোহাগ হোসেন চার মাস আগে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামে বিয়ে করেছেন। শারীরিক দুর্বলতার কারণে নিজ গ্রামের কয়েকজনের প্ররোচনায় স্থানীয় কবিরাজ আবদুল খালেকের শরণাপন্ন হন তিনি। শুক্রবার সকালে কবিরাজের দেওয়া ভেষজ ওষুধ খান সোহাগ। ওষুধ খাওয়ার অল্পক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবারের সদস্যরা মুমূর্ষু অবস্থায় সোহাগকে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান সোহাগ। রাতে নিজ গ্রামে তাঁকে দাফন করা হয়।নিহতের মা ফাহিমা বেগম জানান, বোয়ালিয়া গ্রামের কয়েকজনের প্ররোচনায় সোহাগকে কবিরাজ আবদুল খালেকের কাছে নেওয়া হয়। কবিরাজের দেওয়া ওষুধ তিনি নিজ হাতেই ছেলেকে খাওয়ান। খাওয়ানোর পরপর অসুস্থ হয়ে মারা যান সোহাগ। এ ঘটনায় সোহাগের স্ত্রী নাসরিন আক্তার কবিরাজ আবদুল খালেককে আসামি করে গতকাল শনিবার বিকেলে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেছেন।