বলরাম খাল উদ্ধারে অভিযান
সিলেট নগরের জল্লারপাড়, জামতলা ও তালতলা এলাকা দিয়ে সুরমা নদীতে মিলিত হওয়া বললাম খাল অবৈধ দখলমুক্ত অভিযান শুরু করেছে সিলেট সিটি করপোরেশন। গতকাল সোমবার বিকেলে মেয়র আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে খননযন্ত্রের মাধ্যমে খালের ওপর একটি কলোনির সাতটি ঘর ও দুটো স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ জানায়, নগরের কেন্দ্রস্থলের তিনটি মহল্লা দিয়ে প্রবাহিত বলরাম খালের দৈর্ঘ্য প্রায় ৭০০ মিটার। এ খালের অধিকাংশ দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। দখলের কারণে খালের দৈর্ঘ্য ২৫ ফুট থেকে ১০-১২ ফুটে নেমে এসেছে। গতকাল বিকেল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত জামতলা এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানকালে সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ছাড়াও নির্বাহী হাকিম শরীফুজ্জামান উপস্থিত ছিলেন।
খাল পুরোপুরি উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখা হবে জানিয়ে মেয়র প্রথম আলোকে বলেন, বলরাম খাল উদ্ধার হলে নগরের মধ্যবর্তী এলাকাগুলোর জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে। এ বিষয়টি এলাকাবাসীও অনুধাবন করতে পেরেছেন বলে তাঁরাও খাল উদ্ধারে সহযোগিতা করছেন।