বলা নেই কওয়া নেই, কেটে ফেলা হলো ১০টি গাছ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কামতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ অনুমোদন ছাড়া গাছ কেটে সীমানাপ্রাচীর নির্মাণ করছে। নিয়মনীতির তোয়াক্কা না করে দরপত্র ছাড়াই ১০টি গাছ তারা কেটে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। জনপ্রতিনিধি ও এলাকাবাসীর অভিযোগ, দুই লাখ টাকার গাছ মাত্র ৫০ হাজার টাকায় বিক্রি দেখানো হয়েছে।নিয়মানুযায়ী সরকারি যেকোনো দপ্তরের তাজা গাছ কাটার আগে উপজেলা পরিবেশ ও বন কমিটির অনুমোদন লাগবে। এরপর উপজেলা নিলাম কমিটির মাধ্যমে তা বিক্রি করে প্রাপ্ত টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে।কামতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিদ্যালয়ের দক্ষিণ-পশ্চিম পাশে সীমানাপ্রাচীর নির্মাণের জন্য উপজেলা পরিষদ থেকে ৭৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ওই টাকা দিয়েই প্রাচীর নির্মাণ করা হচ্ছে। প্রাচীর নির্মাণে গাছগুলো বড় বাধা ছিল বলেই তা কেটে বিক্রি করে দেওয়া হয়েছে।বিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, বিদ্যালয় পরিচলনা পরিষদের অনুমতি থাকায় কোনো দরপত্র আহ্বান ছাড়াই নয়টি মেহগনিসহ ১০টি গাছ ৫০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে।এলাকাবাসী অভিযোগ করেন, সরকারি বিধান না মেনে প্রায় দুই লাখ টাকা মূল্যের গাছ মাত্র ৫০ হাজার টাকায় বিক্রি দেখানো হয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন জানান, স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে গাছগুলো বিক্রি করা হয়েছে। গাছ বিক্রির টাকা দিয়ে বিদ্যালয় আঙিনায় মাটি ফেলা হবে বলে জানান তিনি। দুই লাখ টাকার গাছ ৫০ হাজার টাকায় বিক্রি করার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, গাছ বিক্রিতে স্বচ্ছতার কোনো অভাব নেই।