বলা নেই শোনা নেই আছে শুধু পড়া

জন্মের পর থেকেই শুনতে পায় না আকলিমা। কথাও বলতে পারে না। তাই বলে সে ঘরে বসে থাকেনি। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে সে বুঝিয়ে দিয়েছে, ইচ্ছা থাকলে লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে কোনো কিছুই বাধা নয়।
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ঝাউগড়া গ্রামের আবুল কালাম ও ফাতেমা বেগমের বড় মেয়ে আকলিমা। তার ছোট বোন মাহমুদা চতুর্থ শ্রেণীতে ও খাদিজা দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। আকলিমা নিজের চেষ্টায় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যেতে পেরেছে। তবে সে প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত বিশেষায়িত শিক্ষার সুযোগ পায়নি। অভাবের সংসার হওয়ায় এই সুযোগ করে দেওয়াটা পরিবারের পক্ষেও সম্ভব ছিল না। আর দশজন শিক্ষার্থীর মতো পড়ালেখা রপ্ত করে প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
গতকাল বুধবার পৌরসভার সুতারাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, আকলিমা প্রশ্ন দেখে উত্তরপত্রে লিখে চলেছে। কোনো কিছুতেই তার ভ্রুক্ষেপ নেই। অনবরত লিখেই চলেছে সে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান আকন্দ বলেন, আকলিমাকে তার উপযোগী শিক্ষা দেওয়া সম্ভব হয়নি। তার পরও ইশারা-ইঙ্গিতে যতটুকু পারা যায়, শ্রেণীকক্ষে সেভাবে পড়াশোনা বুঝিয়ে দেওয়া হয়েছে তাকে। শেখার প্রবল আগ্রহ থাকায় সে এত দূর আসতে পেরেছে।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, আকলিমার মতো শিশুদের জন্য বিশেষায়িত বিদ্যালয় ও শিক্ষাব্যবস্থার প্রয়োজন রয়েছে, যা এই উপজেলায় নেই। আকলিমার মা ফাতেমা বেগম জানান, জন্মের পর থেকে মেয়েটি কথা বলতে পারে না। কিন্তু ধীরে ধীরে সে কীভাবে যেন পড়ালেখা আয়ত্ত করে।