বলিভিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি আবদুল হামিদ ১০ দিনের সরকারি সফরে বলিভিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে আজ বৃহস্পতিবার ঢাকা ছেড়েছেন। ছবি: ফোকাস বাংলা
রাষ্ট্রপতি আবদুল হামিদ ১০ দিনের সরকারি সফরে বলিভিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে আজ বৃহস্পতিবার ঢাকা ছেড়েছেন। ছবি: ফোকাস বাংলা

রাষ্ট্রপতি আবদুল হামিদ ১০ দিনের সরকারি সফরে বলিভিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে আজ বৃহস্পতিবার ঢাকা ছেড়েছেন। রাষ্ট্রপতি সকাল ১০টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান এবং উচ্চ পর্যায়ের বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান। রাষ্ট্রপতি আবদুল হামিদ ১৪-১৫ জুন পর্যন্ত বলিভিয়ার সান্তাক্রুজ দ্য লা সিয়েরায় অনুষ্ঠেয় এক সম্মেলনে যোগ দেবেন।

রাষ্ট্রপতি আগামীকাল শুক্রবার বলিভিয়ার বাণিজ্যিক রাজ্য সান্তাক্রুজে পৌঁছবেন এবং পরের দিন তিনি জি-৭৭ গ্রুপের দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। এর পরের দিন রাষ্ট্রপতি জি-৭৭ গ্রুপের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরে সম্মেলনে ভাষণ দেবেন।

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত জি-৭৭ হচ্ছে জাতিসংঘের অধীন উন্নয়নশীল দেশগুলোর বৃহত্তম আন্তসরকার সংগঠন। এর সদস্য সংখ্যা ১৩৩। বাংলাদেশ জি-৭৭ গ্রুপের সদস্য দেশ।

বলিভিয়া বর্তমানে জি-৭৭ গ্রুপের সভাপতি দেশ এবং এই সংগঠন এ বছর ৫০তম বার্ষিকী পালন করছে। খাদ্যনিরাপত্তা, দারিদ্র্য বিমোচন এবং পৃথিবী রক্ষার টেকসই উপায় উদ্ভাবন এ সম্মেলনের মূল আলোচ্য।

শীর্ষ সম্মেলনের পর রাষ্ট্রপতি বলিভিয়া ত্যাগ করবেন এবং ১৬ জুন নিউইয়র্ক পৌঁছবেন। যুুক্তরাষ্ট্র সফরকালে রাষ্ট্রপতি নিউইয়র্কে জাতিসংঘ সচিবালয় পরিদর্শন করবেন এবং ১৯ জুন জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠক করবেন। এর আগে তিনি ১৭ জুন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। নিউইয়র্কে কিশোরগঞ্জ সমিতি ১৮ জুন আবদুল হামিদকে সংবর্ধনা দেবে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ ২১ জুন নিউইয়র্ক ত্যাগ করবেন এবং ২২ জুন সন্ধ্যায় দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। বাসস