বলী মিলে চাকমা হত্যার অভিযোগে একজন গ্রেপ্তার
রাঙামাটি পৌরসভার উলুছড়ি এলাকায় বলী মিলে চাকমা নামের এক আদিবাসী নারীকে হত্যার অভিযোগে মো. সোহেল (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম চৌধুরী বলেন, সোহেল বলী মিলে চাকমা হত্যার প্রধান আসামি। সোমবার রাতে ভেদভেদি এলাকা থেকে দুজনকে আটক করা হয়। পরে সোহেলের পরিচয় নিশ্চিত হয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই হত্যাকাণ্ডে আরও দুজন জড়িত রয়েছে। তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গত শনিবার উলুছড়া এলাকায় নদী থেকে পানি আনতে গেলে দিনদুপুরে বলী মিলে চাকমাকে গলা কেটে হত্যা করা হয়। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। পরদিন রোববার পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন বলী মিলে চাকমা হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে রাঙামাটি শহরসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।