বলীমিলে চাকমা হত্যার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ
আদিবাসী নারী বলীমিলে চাকমাকে (৩৫) হত্যার প্রতিবাদে গতকাল রোববার রাঙামাটি শহর ও খাগড়াছড়ির পানছড়িতে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। রাঙামাটিতে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে গতকাল বিকেল পাঁচটায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, আদিবাসী নারীদের ওপর অব্যাহত নির্যাতনের অংশ হিসেবে বলীমিলে চাকমাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়া এবং আদিবাসী নারীদের ধর্ষণ ও হত্যার ঘটনার বিচার না করায় এ ধরনের কর্মকাণ্ড বেড়ে চলেছে। সমাবেশে সুপ্রভা চাকমা, উদয়ন ত্রিপুরা, তাপস চাকমা, ত্রিজিনাদ চাকমা, জোনাকি চাকমা প্রমুখ বক্তব্য দেন। এদিকে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরামের উদ্যোগে বিকেল চারটায় পানছড়ি কলেজ ফটকে সমাবেশ করা হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে স্থানীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। সমাবেশে বিবর্তন চাকমা, সুমেধ চাকমা, বরুণ চাকমা প্রমুখ বক্তব্য দেন। বক্তারা অবিলম্বে বলীমিলে চাকমার হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। রাঙামাটি পৌরসভার উলুছড়া গ্রামে বেড়াতে আসা বলীমিলে চাকমা গত শনিবার বিকেলে নদী থেকে পানি আনতে গেলে দুর্বৃত্তরা তাঁকে গলাকেটে হত্যা করে।