বলুন তো আমার কাছে কয়টি আপেল আছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপেলের প্রশ্নে যাওয়ার আগে আসুন দেখি গণিতের কয়েকটি সাধারণ সমস্যার সমাধান কীভাবে করতে পারি।

একটি সিরিজ। মনে হয় এলোমেলো। কিন্তু না, তা নয়, একটি ছন্দ আছে। সেটা বের করতে হবে।
সিরিজটি এ রকম: ১, ৪, ১৯, ৩৬৪, _, ...। পঞ্চম সংখ্যার ঘরের শূন্যস্থান পূরণ করুন তো? খুব মজার একটি ধাঁধা। প্রথমে মনোযোগ দিয়ে দেখুন। ধারার প্রতিটি সংখ্যা বিশ্লেষণ করুন। দেখুন তো কোনো মিল পান কি না? এমন কোনো ছন্দ, যা চারটি সংখ্যা মেনে চলছে। যদি ইতিমধ্যেই বের করে থাকেন, তাহলে বলতে হবে আপনি গণিতে একেবারে এ+। আর যাঁরা পারছেন না, তাঁদের জন্য বলছি, একটি খুব সহজ ছন্দ এখানে আছে। যেমন—
১ = ১*১ 
৪ = ১*১ + ৩
১৯ = ৪*৪ +৩
৩৬৪ = ১৯*১৯ + ৩
সুতরাং, ছন্দটি হলো প্রথম সংখ্যার পর থেকে প্রতিটি সংখ্যা তার আগের সংখ্যার বর্গের সঙ্গে ৩ যোগ করে লিখতে হবে।
এখন তাহলে আমরা পরের সংখ্যাটি অনায়াসে লিখতে পারি। শূন্যস্থানের সংখ্যাটি হবে ৩৬৪*৩৬৪ + ৩ = ১৩২৪৯৯
সংখ্যাগুলো ক্রমেই বড় হয়ে যাচ্ছে। প্রথম কয়েকটি সংখ্যার ধারা পর্যবেক্ষণ করে ছন্দটি বের করতে হবে।
আরেকটি মজার ব্যাপার দেখুন। আপনি বই কিনতে গেছেন। একটি বই পছন্দ হয়েছে। কিনতে চাইছেন। কিন্তু বইয়ের দামটা কোথায় লেখা আছে, চোখে পড়ছে না। আবার বেশি দাম হলে কিনবেন কি না, সেটাও ভাবছেন। দাম জিজ্ঞেস করলেন। বিক্রেতা বললেন, ১২০ টাকা। আপনি বললেন, এত কম দাম? বিক্রেতা বললেন, বিশেষ ছাড়ে বিক্রি করছি।
জানতে চাইলেন, কত ছাড়? উত্তর ৪০ শতাংশ।
এখন আপনি ভাবছেন, বইয়ের পুরো দামটা তাহলে কত? কীভাবে বের করবেন? এটা বের করার সহজ উপায় হলো, প্রথমে হিসাব করে দেখুন যে আপনি ৪০ শতাংশ ছাড় পেয়েছেন, মানে পুরো দামের ৬০ শতাংশ = ১২০ টাকা। এখন ১২০-কে ৬০ দিয়ে ভাগ করে ১০০ দিয়ে গুণ করলেই আপনি বইয়ের আসল দামটা বের করতে পারবেন। কারণ, পুরো দাম হলো ১০০ শতাংশ। সুতরাং, বইয়ের আসল দাম হলো (১২০/৬০)*১০০ = ২০০ টাকা।

এ সপ্তাহের নতুন প্রশ্ন: কয়টি আপেল?
আমি হেঁয়ালি করে বললাম, আমার কাছে কিছুসংখ্যক আপেল আছে। কিন্তু সরাসরি বলব না কয়টি। তিনভাবে বলব। প্রথমত, আমার আপেলের সংখ্যা ৭ বা তারও বেশি। দ্বিতীয়ত, আপেলের সংখ্যা ৭-এর কম। তৃতীয়ত, আমার কাছে অন্তত ১টি আপেল আছে। এই তিনটি উক্তির মধ্যে যদি শুধু একটি সত্য হয়, তাহলে আমার আপেলের সংখ্যা কত বলুন তো?


গত সপ্তাহের প্রশ্নের উত্তর
প্রশ্নটি ছিল এ রকম: একটি ঝুড়িতে ৬০ থেকে ৭০টি ডিম আছে। ৪টি করে ডিম গণনা করলে ২টি ডিম অবশিষ্ট থাকে, আর ৭টি করে গণনা করলে অবশিষ্ট থাকে ৩টি ডিম। ঝুড়িতে মোট কয়টি ডিম আছে?


উত্তর
ঝুড়িতে ৬৬টি ডিম আছে। অনেক উৎসাহী পাঠক এই সঠিক উত্তরটি দিয়েছেন। এ জন্য সবাইকে ধন্যবাদ।


কীভাবে উত্তরটি বের করলাম
প্রথমে ৬০ থেকে ৭০-এর মধ্যে ৪ ও ৭-এর গুণিতক (মাল্টিপল) সংখ্যাগুলো বের করি। এগুলো হলো যথাক্রমে ৬০, ৬৪, ৬৮ এবং ৬৩, ৭০। এখন ৪-এর তিনটি গুণিতকের প্রতিটির সঙ্গে ২ এবং ৭-এর দুটি গুণিতকের প্রতিটির সঙ্গে ৩ যোগ করে পাই যথাক্রমে (৬২, ৬৬ ও ৭০) এবং (৬৬ ও ৭৩)। এক নজর পরীক্ষা করলে দেখব, এদের মধ্যে অভিন্ন সংখ্যা ৬৬। সুতরাং, এটাই উত্তর।
আব্দুল কাইয়ুম: সম্পাদক, বিজ্ঞানচিন্তা
[email protected]