বলেশ্বরতীরের গাছ কেটে সাবাড়
বরগুনার পাথরঘাটাসংলগ্ন বলেশ্বর নদের তীরে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা তিন শতাধিক কেওড়া ও ছৈলা গাছ কেটে সাবাড় করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার সরেজমিনে দেখা গেছে, বলেশ্বর নদ ও বেড়িবাঁধের মধ্যে প্রাকৃতিকভাবে এসব গাছ জন্মেছে। নদসংলগ্ন নলী খাল থেকে চরদুয়ানি খালের গোড়া পর্যন্ত চার কিলোমিটারজুড়ে কেওড়া ও ছৈলা গাছের ওই বনের তিন শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। ছোট-বড় বেশ কিছু গাছের গোড়া কেটে মাটিতে শুয়ে রাখা হয়েছে। বলেশ্বর নদের কাছেই গাছের গুঁড়িগুলো স্তূপ করে রাখা হয়েছে।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সপ্তাহ খানেক ধরে গাছ কাটার হিড়িক পড়েছে। কাঁঠালতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, বন বিভাগের লোকজনের যোগসাজশে বকুলতলার ওই গাছ কাটা শুরু হয়েছে। স্থানীয় ইসমাইল আকন ও তার ছেলে মিরাজ আকন এবং কাওসার মোল্লা গাছ কাটার সঙ্গে সরাসরি জড়িত। প্রত্যক্ষদর্শী আমির তালুকদার, কবির তালুকদার ও ইউসুফ তালুকদারও একই ধরনের কথা জানান।বন বিভাগের পাথরঘাটা রেঞ্জের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বলেশ্বর নদের তীরে কেওড়া ও ছৈলা গাছ কেটে নেওয়ার জন্য সম্প্রতি ইসমাইল আকন পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবদুল লতিফ খানের কাছে আবেদন করেন। আবেদনটি যাচাই-বাছাই করার প্রক্রিয়াধীন রয়েছে। কিন্তু ইতিমধ্যে তাঁরা গাছ কাটতে শুরু করেন।মিরাজ আকন বলেন, ‘চরদুয়ানি থেকে খলিফারহাট পর্যন্ত এলাকার গাছ কেটে নেওয়া দেখে আমিও আমার এলাকার গাছ কেটে বিক্রি করে দিয়েছি। ওই এলাকার গাছ আমি একা বিক্রি করায় স্থানীয় কাওসার মোল্লার সঙ্গে বাদানুবাদ হলে চেয়ারম্যানের মধ্যস্থতায় তাঁকে সাতটি গাছ দিতে হয়েছে।’পাথরঘাটা উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সদস্য মির্জা এস আই খালেদ বলেন, পরিবেশ ও বন উন্নয়নে সরকার শত শত কোটি টাকা ব্যয় করে বনায়নসহ পরিবেশ উন্নয়নে কাজ করছে। অথচ সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদের তীরে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বনায়ন দুর্বৃত্তরা কেটে নিয়ে যাচ্ছে। সেদিকে স্থানীয় বন বিভাগের কোনো নজরদারি নেই।বন বিভাগের পাথরঘাটা রেঞ্জের চরদুয়ানী বিট কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ২০০ ঘনফুট কেওড়া ও ছৈলা গাছ জব্দ করা হয়েছে। তবে ওই এলাকায় এখনো কিছু কাটা গাছ ছড়িয়ে-ছিটিয়ে আছে।বন বিভাগের পাথরঘাটা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আবদুল লতিফ খান বলেন, গাছগুলো প্রাকৃতিকভাবে বেড়ে উঠেছে। তবে ওই জায়গা কাদের তা তদন্ত করে দেখা হচ্ছে। বন বিভাগকে না জানিয়ে গাছ কেটে নেওয়া ঠিক হয়নি। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিবেশ ও কৃষিবিষয়ক বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক (বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ)-এর পাথরঘাটা কার্যালয়ের গবেষণা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘সুন্দরবনসংলগ্ন বলেশ্বর নদের তীরের কয়েক শ কেওড়া ও ছৈলা গাছ এভাবে কেটে সাবাড় করায় হুমকিতে পড়বে কাঠালতলীর বকুলতলা আবাসনসংলগ্ন বেড়িবাঁধ এলাকা। তা ছাড়া নদের ওই এলাকা থেকে বন বিভাগের অগোচরে গাছ কাটা শুরু হলে সংরক্ষিত বনসহ সুন্দরবন থেকে গাছ কাটার প্রবণতাও দিন দিন বেড়ে যাবে। এতে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়বে।