প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের চতুর্থ বার্ষিকীতে বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ সাউথখালীতে টেকসই বেড়িবাঁধের দাবিতে শিশুরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ২০০৭ সালের ১৫ নভেম্বরের সেই ভয়াল রাতে বেঁচে যাওয়া তিন শতাধিক শিশু গতকাল মঙ্গলবার বলেশ্বর নদের তীরবর্তী বেড়িবাঁধে এ কর্মসূচি পালন করে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত আধা ঘণ্টার মানববন্ধন কর্মসূচিতে শিশুদের স্লোগান ছিল ‘আমরা ত্রাণ চাই না, টেকসই বেড়িবাঁধ চাই’। সাউথখালী ইউনিয়নসহ উপজেলার অন্যান্য এলাকার মানুষও এ কর্মসূচিতে অংশ নেয়।সাউথখালী সিডর দিবস উদ্যাপন কমিটি আয়োজিত ওই মানববন্ধন কর্মসূচি শেষে দক্ষিণ সাউথখালী সাইক্লোন শেল্টার চত্বরে সিডরে নিহত ব্যক্তিদের স্মরণে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সিডরে বিধ্বস্ত শরণখোলায় টেকসই বেড়িবাঁধ, রায়েন্দা শহর রক্ষা বাঁধ ও পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নির্মাণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।সাউথখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাকির হোসেন হাওলাদারের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন সাউথখালী ইউপির চেয়ারম্যান মোজাম্মেল হোসেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রায়েন্দা ইউপির চেয়ারম্যান আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাছির উদ্দিন, মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমান ও সাবেক ইউপি সদস্য মকবুল হোসেন হাওলাদার।