বলয়গ্রাস সূর্যগ্রহণ কাল, সেন্ট মার্টিনে পর্যটকদের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখতে এখন সেন্ট মার্টিনে পর্যটকদের উপচে পড়া ভিড়। কাল শুক্রবার সেন্ট মার্টিন দ্বীপের সর্বশেষ দক্ষিণ প্রান্ত থেকে দেখা যাবে বলয়গ্রাসের সর্বোচ্চ পর্যায়। এ ছাড়া কক্সবাজার সমুদ্রসৈকতসহ জেলার দক্ষিণাঞ্চল পর্যন্ত এ বলয়গ্রাস দেখা যাবে। দেশের বাকি সব স্থান থেকে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ।বিজ্ঞান সংগঠন অনুসন্ধিত্সু চক্রের সভাপতি শাহ জাহান মৃধা জানান, কাল বাংলাদেশ সময় দুপুর ১২টা ৪৪ মিনিটে সেন্ট মার্টিন থেকে সবচেয়ে ভালো দেখা যাবে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ। আর তা স্থায়ী হবে আট মিনিট।শাজাহান মৃধা জানান, পূর্ণগ্রাস সূর্যগ্রহণে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলে। তবে বলয়গ্রাসের সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না। এ সময় সূর্যের চারদিকে একটি বলয় বা চুড়ির মতো দেখা যায়। তাই একে বলয়গ্রাস সূর্যগ্রহণ বলে। মহাজাগতিক এ ঘটনা পর্যবেক্ষণের জন্য অনুসন্ধিত্সু চক্র বিশেষ ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, বলয়গ্রাস সূর্যগ্রহণ খালি চোখে দেখা চরম ক্ষতিকর। এ সময় সূর্য থেকে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি বের হবে। পর্যবেক্ষণের জন্য ১৩ ও ১৪ গ্রেডের ওয়েল্ডিং গ্লাস ব্যবহার কিংবা পানির পাত্রে হলুদ মিশিয়ে সূর্যের ছায়া দেখা নিরাপদ। কোনো অবস্থায় টানা ১০ সেকেন্ডের বেশি সূর্যের দিকে তাকিয়ে থাকা উচিত নয়।সংগঠনটি জানিয়েছে, বাংলাদেশ থেকে পরবর্তী বয়লগ্রাস সূর্যগ্রহণ ২০৬৪ সালের ১৭ ফেব্রুয়ারির আগে দেখা যাবে না। তাই বিরল এই মহাজাগতিক ঘটনা নিয়ে এত হইচই। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখতে গতকাল বুধবার সকালে টেকনাফ থেকে ছয়টি সমুদ্র জাহাজ ও ৩০টির বেশি দেশীয় ট্রলারে করে অন্তত পাঁচ হাজার পর্যটক সেন্ট মার্টিন পৌঁছায়। আজ বৃহস্পতিবারও আরও কয়েক হাজার পর্যটক সেন্ট মার্টিনে যাবেন। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ খান জানান, পর্যটকের উপচে পড়া ভিড়ের কারণে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ বিনষ্ট হতে পারে। তাই তিনি পর্যটকদের যেখানে-সেখানে ময়লা-আবর্জনা, প্লাস্টিকের বোতল, পলিথিনসহ ক্ষতিকর পদার্থ না ফেলার অনুরোধ করেন। তিনি দ্বীপের জীববৈচিত্র্য সংরক্ষণে রাতে সৈকত আলোকিত করে হইচই অথবা নাচ-গান করা থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন।