বসছে পাঁচ হাজার ময়লার পাত্র

সড়ক-ফুটপাতের পাশের দোকানদারদের অনেকে ময়লা-আবর্জনা ফেলেন সড়কে। ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা বা পাত্র না থাকায় পথচারীরাও যত্রতত্র ময়লা ফেলেন। এই অবস্থা থেকে উত্তরণে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সড়ক-ফুটপাতে প্রায় পাঁচ হাজার ময়লা ফেলার পাত্র বসানোর উদ্যোগ নিয়েছে।
ইতিমধ্যে এক হাজার পাত্র ডিএনসিসির বিভিন্ন এলাকার সড়কগুলোতে বসানো হয়েছে। আগামী দুই মাসের মধ্যে বাকি চার হাজার পাত্র ঢাকার বিভিন্ন সড়কে বসানো হবে বলে ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানা গেছে।
গতকাল শুক্রবার দেখা যায়, কারওয়ান বাজার, ফার্মগেট, মহাখালী ও বিমানবন্দর সড়কে কিছু দূর পরপর ময়লা ফেলার পাত্র বসানো হয়েছে। দুটি দণ্ড মাটিতে পুঁতে এসব বসানো হয়েছে। একটি পাত্র তৈরি করতে ৬ হাজার ৮০০ টাকার মতো খরচ পড়েছে বলে ডিএনসিসি সূত্রে জানা গেছে।
ঢাকা উত্তরে দৈনিক আড়াই হাজার টনের মতো বর্জ্য হয়। এর মধ্যে দোকানের বর্জ্য ৭০০-৮০০ টন। ডিএনসিসির মেয়র আনিসুল হক বলেন, সড়কের পাশের দোকানদারেরা ফুটপাত দখল করছেন। দিনের বেলা দোকানমালিকেরা তাঁদের বর্জ্য যেখানে–সেখানে ফেলেন। ড্রেন উপচে পড়ছে ময়লা। তাই ময়লা–আবর্জনা ফেলার ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে।
ডিএনসিসি সূত্রে জানা যায়, ডিএনসিসি এলাকাভুক্ত সড়কের দুই পাশের ২৩০ কিলোমিটার ফুটপাত এলাকায় পাঁচ হাজার ময়লা ফেলার পাত্র বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দুই মাসের মধ্যে এই পাত্র বসানোর পরিকল্পনা রয়েছে।
ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা বলেন, ডিএনসিসি যেখানে–সেখানে ময়লা ফেলা ঠেকাতে শহরের বিভিন্ন জায়গায় ময়লা ফেলার পাত্র বসাচ্ছে। সিটি করপোরেশন নির্দিষ্ট সময়ে সেখান থেকে আবর্জনা সংগ্রহ করবে।