বসতঘর উচ্ছেদের খবরে দরিদ্র গৃহকর্তার মৃত্যু
বসতঘর উচ্ছেদের খবর পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাবুল হোসেন (৪৫)। গতকাল সোমবার বেলা একটায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের মেহেরকুল দৌলতপুর গ্রামে ওই ঘটনা ঘটে।
মৃত বাবুলের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। এ সময় সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জাহান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে বাবুল হোসেনের স্বজনেরা দাবি করেছেন। সদর দক্ষিণ মডেল থানার ওসি গাজী শাখাওয়াত হোসেন জানান, গতকাল দুপুর সাড়ে ১২টায় অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য সদর দক্ষিণ উপজেলার ইউএনও ফাতেমা জাহান মেহেরকুল দৌলতপুর গ্রামে যান। সেখানে তিনি কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের (এডিএম) এক আদেশের ভিত্তিতে বাবুল হোসেনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে যান। বসতঘর উচ্ছেদের খবর পেয়ে বাবুল হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যের সহযোগিতায় হাসপাতালে নেওয়া হচ্ছিল। হাসপাতালে নেওয়ার পথে লালমাই এলাকায় বাবুল মারা যান। পরে তাঁর লাশ গ্রামের বাড়িতে ফেরত নেওয়া হয়।
বাবুলের প্রতিবেশী আবদুল জলিল ও একরামুল হক বলেন, বাবুল হোসেন একটি চালকলে কাজ করতেন। হতদরিদ্র বাবুল কোনোরকমে সংসার চালাতেন। তাঁর চাচা লিয়াকত আলীর সঙ্গে বাড়ির জায়গা নিয়ে বিরোধ ছিল। বাবুল বিরোধপূর্ণ জায়গায় ঘর তোলেন। একপর্যায়ে মামলা হয়। ওই মামলার রায়ের পরিপ্রেক্ষিতে ইউএনও গতকাল বসতঘর উচ্ছেদ করতে যান।
জানতে চাইলে ইউএনও ফাতেমা জাহান বলেন, বাবুল তাঁর চাচা ও চাচাতো ভাইদের চলাচলের পথ বন্ধ করে দিয়ে ঘর তোলেন। ওই ঘর এডিএম কোর্টের আদেশে উচ্ছেদ করতে গেলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।