বসতঘর থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে বসতঘর থেকে গতকাল রোববার লিজা দাস (৩০) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। স্বামীর পরিবারের পক্ষ থেকে ঘটনাটি আত্মহৎযা দাবি করা হলেও নিহতের বাবার ধারণা, এটি হত্যাকাণ্ড।সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আইনউদ্দিন জানান, বিকেল পাঁচটার দিকে খবর পেয়ে মহানগরের যতরপুরের নবপুষ্প আবাসিক এলাকার ৩৯ নম্বর বাসার বসতঘরের সঙ্গে যুক্ত বাথরুম থেকে লিজার লাশ উদ্ধার করা হয়। গৃহবধূর গলায় ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।যতরপুর এলাকার বাসিন্দা লিজার বাবা ভাবন ধর জানান, পরিবহন ব্যবসায়ী নীলুকান্ত দাসের (৪৫) সঙ্গে প্রায় আট মাস আগে লিজার বিয়ে হয়। নীলুকান্তের প্রথম স্ত্রী প্রায় তিন বছর আগে আত্মহৎযা করেন। তাঁর মেয়ে অন্তঃসত্ত্বা থাকায় গতকাল বিকেলে চিকিৎসকের কাছে নেওয়ার কথা ছিল। কিন্তু জামাইয়ের বাসায় গিয়ে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাথরুমে লাশ পাওয়া যায়। ঘটনাটি তাত্ক্ষণিক তিনি প্রতিবেশীদের মাধ্যমে পুলিশকে অবহিত করেন। ভাবন ধর প্রথম আলোকে বলেন, ‘মেয়ে অন্তঃসত্ত্বা। এ অবস্থায় কোনো নারী গলা কেটে আত্মহৎযা করতে পারে না। আমার ধারণা, এটি হত্যাকাণ্ড।’এ ব্যাপারে নীলুকান্ত দাসের বোন শংকরী দাস জানান, বিকেল চারটা থেকে লিজাকে বাসায় খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিছুটা মানসিকভাবেও বিকারগ্রস্ত ছিল সে। একপর্যায়ে বাথরুমে গিয়ে দেখা যায় লাশ। এ ঘটনায় লিজার বাবাকে খবর দেওয়া হয়। কয়েকজন প্রতিবেশী জানান, রোববার দুপুরের দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি হওয়ার বিষয়টি তাঁরা শুনেছেন।হাসপাতাল মর্গে নীলুকান্ত দাস জানান, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। খবর পেয়ে হাসপাতাল মর্গে এসেছেন। তিনি বলেন, ‘কীভাবে কী হয়েছে কিছুই বলতে পারছি না।’ আগের স্ত্রীর আত্মহৎযা এবং তাঁর পরিবারের পক্ষ থেকে লিজাকে মানসিক রোগী আখ্যা দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী প্রথম আলোকে জানান, গৃহবধূর মৃত্যু নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়ায় পুলিশ ঘটনাটি তদন্ত করছে।