বসতঘর-দোকানপাটসহ ফসলি জমি নদীগর্ভে
ভাঙনের কারণে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের পাঁচটি গ্রামে বসতঘর ও দোকানপাটসহ বিস্তীর্ণ ফসলি জমি পদ্মায় বিলীন হয়ে যাচ্ছে। এরই মধ্যে গত তিন দিনে ৩০টি ব্যবসাপ্রতিষ্ঠান ও ৫০টি বসতঘর নদীতে চলে গেছে। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় প্রায় ৮০ একর ফসলি জমি মধুমতী নদীতে বিলীন হয়েছে। হুমকির মুখে পড়েছে উপজেলার হেলেঞ্চা বাজার থেকে বেলেবানা পর্যন্ত নির্মাণাধীন সড়কসহ বিভিন্ন স্থাপনা। শরীয়তপুর: সরেজমিন পরিদর্শন ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মোল্যাকান্দি, বকাউলকান্দি, প্রধানিয়া কান্দি, গাইনকান্দি ও মাদবরকান্দি গ্রামে গত তিন দিনে ১৫ কিলোমিটার এলাকার ২০০ বিঘা ফসলি জমি ও ৫০টি বসতঘর পদ্মায় বিলীন হয়েছে। স্থানীয় চেয়ারম্যান স্টেশন বাজারের ৩০টি ব্যবসাপ্রতিষ্ঠান নদীগর্ভে চলে যাওয়ার পর সেখানকার ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ভাঙন অব্যাহত থাকায় হুমকিতে রয়েছে বাজারের শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান।চেয়ারম্যান স্টেশন বাজারের ব্যবসায়ী জহির উদ্দিন বলেন, প্রতিবছর ভাঙনের ফলে দোকানপাট হারিয়ে বাজারের অনেক ব্যবসায়ী সর্বস্বান্ত হয়ে পড়ছেন। ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউনুস মোল্যা বলেন, গত বছর ভাঙনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে অল্প পরিমাণে চাল বিতরণ করা হয়। কিন্তু এ বছর ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা এখনো পর্যন্ত প্রস্তুত করা হয়নি।ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর বলেন, নদীভাঙনের তথ্য পেয়েছি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে ত্রাণ সহায়তা দিলে তা বিতরণ করা হবে। শরীয়তপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল খালেক বলেন, এবার বর্ষা মৌসুমের শুরুতেই পদ্মায় ভাঙন দেখা দিয়েছে। কিন্তু বরাদ্দ না থাকায় ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। ফরিদপুর: সরেজমিনে দেখা গেছে, আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ ইউনিয়নের খোলাবাড়িয়া থেকে শুরু হয়ে হেলেঞ্চা বাজার হয়ে টিকরপাড়া-সরাবকান্দি পর্যন্ত মধুমতী নদীর তীরের উত্তর পাশ ঘেঁষে দুই কিলোমিটার অংশে ভাঙন অব্যাহত রয়েছে। এলাকাবাসী জানান, গত ১৫ দিনে প্রায় ৮০ একর ফসলি জমি নদীতে চলে গেছে। ভাঙন অব্যাহত থাকায় দুই শতাধিক বসতঘর, হেলেঞ্চা বাজারের শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান এবং হেলেঞ্চা উচ্চবিদ্যালয়, হেলেঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি বড় গুদাম, হেলেঞ্চা বাজার মসজিদ এবং মুঠোফোন কোম্পানি গ্রামীণ ও রবির দুটি বিটিএস টাওয়ার হুমকির মুখে রয়েছে। এ ছাড়া এলজিইডির নির্মাণাধীন হেলেঞ্চা বাজার থেকে বেলেবানা পর্যন্ত সড়কটির টিকোরপাড়া এলাকায় ভাঙনের হুমকিতে রয়েছে।বুরাইচ ইউপির চেয়ারম্যান আবদুল ওয়াহাব বলেন, স্থানীয়ভাবে বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের উদ্যেগে নেওয়া হয়েছে। পাউবোর ফরিদপুর নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন বলেন, ভাঙনরোধে গত বছর দুটি প্রকল্প পানিসম্পদ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। কিন্তু কোনো প্রকল্পই অনুমোদিত হয়নি। গত বুধবার পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি পর্যবেক্ষক দল নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই দলটি জরুরি ভিত্তিতে প্রকল্প শুরু করার জন্য মত দেয়। তাদের এ সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।