ফরিদপুরের মধুখালী ও সালথা উপজেলার ৩৩টি গ্রামের ওপর দিয়ে গত রোববার টর্নেডো বয়ে গেছে। টর্নেডোর আঘাতে ৭৫টি বসতঘর বিধ্বস্ত, অসংখ্য গাছ ও বিস্তীর্ণ এলাকার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সালথায় উপড়ে পড়া গাছের চাপায় একজন আহত এবং একটি গাভির মৃত্যু হয়েছে।
সন্ধ্যা ছয়টার দিকে টর্নেডো আঘাত হানে। এতে মধুখালী সদর, নওপাড়া, কামারখালী, বাগাট ও ডুমাইন ইউনিয়নের ৩০টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউনিয়ন পরিষদগুলোর (ইউপি) চেয়ারম্যানরা জানান, টর্নেডোয় এসব ইউনিয়নের অর্ধশত বসতঘর বিধ্বস্ত হয়েছে এবং বড় বড় গাছ উপড়ে পড়েছে। এ ছাড়া পাঁচই হাইস্কুলের একটি টিনের ঘরের চাল উড়ে গেছে। কামারখালী ও বাগাট ইউনিয়নের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মজিদ মিয়া জানান, ঝড়ে প্রায় দুই হাজার ১১০ হেক্টরের আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ৫০০ হেক্টর জমির আখ এবং প্রায় ২০০ একর জমির শাকসবজি নষ্ট হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ বলেন, ক্ষতিগ্রস্ত লোকজনের তালিকা করা হচ্ছে।
একই সময়ে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া, জয়কালী ও পাশের রামকান্তপুর গ্রামে টর্নেডো আঘাত হানে। আটঘর ইউপির চেয়ারম্যান মো. হাসানুজ্জামান জানান, ঝড়ে উপড়ে পড়া গাছের চাপায় রামকান্তপুর গ্রামের হারুন বিশ্বাস (৫০) আহত হয়েছেন। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া পুটিয়া গ্রামে একটি গাভি মারা গেছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, ঝড়ে ২৫টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া উপড়ে পড়েছে অর্ধশত গাছ। বিদ্যুতের খাম্বা পড়ে ও তার ছিঁড়ে যাওয়ায় তিন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ ছাড়া আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আলম শরীফ খান বলেন, ঝড়ে অনেক ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণের দায়িত্ব মাঠ কর্মকর্তাদের দেওয়া হয়েছে। উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আকতার হোসেন জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত লোকজনের তালিকা করা হচ্ছে।