বসতঘরটিও পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা, থানায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর গ্রামে ১৯ মার্চ দিবাগত রাতে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে বিউটি আক্তার নামের এক নারীর বসতঘর পুড়িয়ে দেয়। এ ঘটনায় গত বুধবার রাতে তিনি বাদী হয়ে রায়পুর থানায় আবদুল মতিনসহ আটজনকে আসামি করে মামলা করেন।আগুনে ঘর ও মালামাল পুড়ে যায়। এতে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়। কয়েক দিন আগেও দুর্বৃত্তরা বিউটিকে পিটিয়ে জখম করে। এ নিয়ে থানায় অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে আসামি আবদুল মতিন ও তাঁর সহযোগীরা ঘরে আগুন দেন বলে ক্ষতিগ্রস্ত নারীর দাবি। তিনি রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকায় ওই সময় ঘরটি খালি ছিল।পুলিশ ও এলাকাবাসীর ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে ওই এলাকার আবদুল মতিন তাঁর ছেলে ও সহযোগীদের নিয়ে চুরি, ডাকাতি ও ছিনতাই করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ জন্য কয়েকবার পুলিশের হাতে গ্রেপ্তারও হন। ৮ থেকে ১০ দিন আগে মতিনের ছেলেরা বাড়ির সামনে লোকজনের কাছ থেকে টাকাপয়সা হাতিয়ে নেন। বিউটি আক্তার ১৪ মার্চ বিকেলে আবদুল মতিনের কাছে তাঁর ছেলের বিরুদ্ধে নালিশ করেন। এ সময় ক্ষিপ্ত হয়ে মতিনের ছেলে সুমন, রাজু, মোহনসহ সাত-আটজনের একটি দল হকিস্টিক ও লোহার রড দিয়ে বিউটির ওপর হামলা চালায়। এতে তাঁর বাঁ চোখ ও শরীরের বিভিন্ন অংশ জখম হয়।ওই গ্রামের নূর মিয়া হাফেজের বাড়ির ক্ষতিগ্রস্ত আবুল হাসেমের স্ত্রী বিউটি আক্তার বলেন, ‘ছিনতাইয়ের প্রতিবাদ করায় মতিনরা আমাকে পিটিয়েই ক্ষান্ত হয়নি, আমার শেষ সম্বল ঘরটুকুও পেট্রল ঢেলে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।’তবে এ ব্যাপারে অভিযুক্ত আবদুল মতিন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার ছেলেরা চুরি-ডাকাতির সঙ্গে জড়িত নয়। থানায় আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। আর কে বা কারা তাঁর ঘরটি পুড়িয়ে দিয়েছে, সে সম্পর্কে আমরা অবগত নই।’মামলার তদন্ত কর্মকর্তা রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, ঘর পুড়িয়ে দেওয়ার ঘটনায় বিউটি বাদী হয়ে মামলা করেছেন। আগেও মারধর করার ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছিলেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।