বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ
নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের নলুয়া গ্রামের সোবহান মিয়ার বাড়ির একটি বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ সময় আগুনের হাত থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন সুফিয়া খাতুন (৬২) নামের এক নারী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে হঠাৎ ওই গ্রামের সোবহান মিয়ার বাড়ির সাইফুল ইসলামদের বসতঘরের চারদিকে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। এ সময় ঘরে থাকা সাইফুলের মা সুফিয়া খাতুন চিৎকার দিলে পাশের ঘর থেকে তাঁর ছেলে ঘরের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করেন। পরে আশপাশের লোকজন প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি মায়ের চিৎকার শুনে পাশের ঘর থেকে বের হয়ে কয়েকজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। তিনি অভিযোগ করেন, জায়গাজমিসংক্রান্ত বিষয় নিয়ে বেশ কয়েক বছর ধরে একই এলাকার কয়েক ব্যক্তির সঙ্গে তাঁর বিরোধ চলছে। অগ্নিকাণ্ডের এ ঘটনার সঙ্গে ওই বিরোধের যোগসূত্র থাকতে পারে।
সাইফুল জানান, আগুনে তাঁদের বসতঘরটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তাঁর মা। এ সময় তিনি আতঙ্কে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এরপর তিনি রাতেই ঘটনাটি থানার পুলিশকে অবহিত করেন।