বসতঘরে আগুন, শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বাড়িতে আগুন লেগে এক শিশুর মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ হয়েছেন শিশুটির দাদি ও ছোট বোন। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের দেওদিঘি গ্রামের শাহাব মিয়ার বাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ হয়ে মৃত শিশুটির নাম সাইদুল আলম ওরফে সানি (১০)। সে দেওদিঘি গ্রামের কোরবান আলীর ছেলে। স্থানীয় দেওদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল সে।

অগ্নিদগ্ধ দুজন হচ্ছেন সাইদুলের দাদি আয়শা খাতুন (৬৫) ও ছোট বোন মাইশা আকতার (৭)। আয়শা খাতুনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ও মাইশা আকতারকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল রাত আড়াইটার দিকে কোরবান আলীর বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পাশের শামসুল আলম ও আবুল কালামের বাড়িতে ছড়িয়ে পড়ে। সবাই তখন ঘুমিয়ে ছিল। আগুনের তাপে ঘুম থেকে উঠে তিন পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে আসতে পারলেও কোরবান আলীর ছেলে সাইদুল আলম বের হতে পারেনি। ঘর থেকে বের হওয়ার সময় কোরবান আলীর মা আয়শা খাতুন ও মেয়ে মাইশা আকতার দগ্ধ হয়।

শুরুতে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবু নাঈম প্রথম আলোকে বলেন, আগুনে দগ্ধ হয়ে কোরবান আলীর ছেলে মারা গেছে। প্রতিবেশী আবুল কালামের একটি গরুও পুড়ে মরেছে। তিনটি বাড়ির কোনো কিছুই বের করা সম্ভব হয়নি। সবই আগুনে পুড়েছে।

সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিচ প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বাতাস থাকার কারণে আগুন আশপাশে দ্রুত ছড়িয়ে পড়েছে।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত তিন পরিবারের জন্য তাৎক্ষণিক ৪৫ হাজার টাকা অনুদানের ব্যবস্থা করেন। তিনি বলেন, পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে আরও সহায়তা করা হবে।