বসতঘরে হামলায় নারীসহ আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নায়াখালী শহরের মহব্বতপুর এলাকায় বিরোধপূর্ণ জমি দখল করতে গিয়ে বসতঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ও পিটুনিতে আহত হয়েছেন তিন নারীসহ পাঁচজন।
গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। হামলায় আহত ব্যক্তিদের স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত ব্যক্তিরা হলেন মুন্নি আক্তার (২৪), তাঁর শাশুড়ি রহিমা খাতুন (৭০), বাবা নুরুল ইসলাম (৬২), ভাই মামুনুর রশিদ (২০) ও মা তাহেরা খাতুন (৬০)। এর মধ্যে মামুনুর রশিদের অবস্থার অবনতি ঘটলে গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহব্বতপুর এলাকার মো. হোসেনের বাড়ির জায়গা নিয়ে পার্শ্ববর্তী বাইশ বাড়ির বাচ্চু মিয়ার সঙ্গে বেশ কিছু দিন ধরে বিরোধ এবং আদালতে মামলা চলছে। যার জের ধরে গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে বাচ্চু মিয়া দলবল নিয়ে হোসেনের বাড়ি দখল করতে গেলে হামলা-ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে।
মো. হোসেন অভিযোগ করেন, রাতের অন্ধকারে বাচ্চু তাঁর সহযোগী একই এলাকার আবদুল হান্নান ও আবদুল মান্নানসহ ৪০-৪৫ জন সন্ত্রাসী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর বাড়ি দখল করতে আসেন। এ সময় বাধা দিলে সন্ত্রাসীরা বাড়িঘরে হামলা-ভাঙচুরের পাশাপাশি পরিবারের সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে আহত করেন এবং মালামাল লুট করে নিয়ে যান।
তবে, হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন আবদুল হান্নান। মুঠোফোনে প্রথম আলোকে তিনি বলেন, জমির মালিকানা নিয়ে বাচ্চুদের সঙ্গে হোসেনদের বিরোধ অনেক দিনের।
সোমবার রাতে বাচ্চুর পক্ষের লোকজন একটি ঘর তৈরি করে হোসেনদের বাড়ির দিকে যাওয়ার সময় হইচই দেখে তিনি ও তাঁর ভাই বিষয়টি দেখতে গিয়েছিলেন। মারামারিতে দুই পক্ষের লোকজনই আহত হয়েছেন।