বসতবাড়ি পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় আদিবাসী এক পরিবারের বসতবাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে দুজন।বসতবাড়ির মালিক বুশি মং জানান, রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। জায়গা দখল করতেই তাঁর বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তবে ঘটনার সময় তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে ছিল না।বুশি মং জানান, বাড়ির মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। এ ছাড়া আগুন নেভাতে গিয়ে তাঁর অষ্টম শ্রেণী পড়ুয়া ছেলে উছেং ও প্রতিবেশী উমাছেং (২২) আহত হয়েছেন।এলাকাবাসী জানান, উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা ছোট রাখাইনপাড়াসংলগ্ন বুশি মংয়ের বসতভিটার জমি নিয়ে মহেশখালী পৌর এলাকার সিকদারপাড়ার মাহবুবুর রহমানের বিরোধ চলে আসছে। এলাকাবাসীর ভাষ্যমতে, এর আগেও একাধিকবার ওই পরিবারটির ওপর হামলা হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারিও বুশি মংয়ের বসতবাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় মাহবুবুর রহমানের বিরুদ্ধে মহেশখালী থানায় লিখিত অভিযোগ করেন তিনি। তবে ওই ঘটনার পর থেকে ভয়ে রাতে নিজ বাড়িতে না থেকে প্রতিবেশীদের বাড়িতে থাকত বুশি মংয়ের পরিবার।এদিকে মহেশখালী উপজেলার রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন। অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাউ চিং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ক্ষতিগ্রস্ত পরিবারটির অভিযোগের বিষয়ে মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগের জন্য তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি (রিসিভ)। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে আগুন দেওয়ার ঘটনায় গতকাল রাতে বুশি মংয়ের স্ত্রী ইনজু বাদী হয়ে মাহবুবুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।