বসতবাড়ি, মসজিদ ও মন্দির রক্ষার দাবি

বরিশালে বসতবাড়ি, কবরস্থান, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মন্দির রক্ষার দাবিতে বিক্ষোভ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ বিক্ষোভ হয়। এ সময় প্রায় এক কিলোমিটার সড়কে মানববন্ধনও করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, জনবসতিপূর্ণ এলাকায় সেনানিবাস নির্মাণের উদ্যোগের কারণে ৮৪২টি বসতবাড়ির প্রায় ১০ হাজার মানুষ তাদের শেষ সম্বলটুকু হারানোর ঝুঁকিতে রয়েছে। এর সঙ্গে একটি বাজার, ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১৩টি মসজিদ, ১২টি মন্দির এবং অনেক কবর ও সমাধি হুমকিতে রয়েছে।
দুধলমৌ মৌজার বাসিন্দা মো. চান মিয়া বলেন, ‘এখানে সেনানিবাস হোক, এটা আমরা চাই। এ জন্য জায়গাও দিতে চাই। চর, বট, আবাদি জমি সব নিক। শুধু বসতবাড়ি, কবরস্থান, মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষা করা হোক।’
সরেজমিনে দেখা যায়, বাকেরগঞ্জের ভরপাশায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দুই পাশের বড় একটা অংশ নিয়ে সেনানিবাস নির্মাণের জন্য নকশা করা হয়েছে। নকশায় ৪২৩ দশমিক ৪৫ একরে কোনো বসতবাড়ি নেই। বাকি ৮০৯ দশমিক শূন্য ৭ একর জনবসতিপূর্ণ এলাকা। হিন্দু পরিবারের সদস্যদের আশঙ্কা, বসতি, সমাধি ও মন্দির হারালে দেশ ত্যাগ করা ছাড়া আর কোনো পথ থাকবে না তাদের।
বাকেরগঞ্জ ভূমি কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, ভরপাশা ইউনিয়নের তিনটি মৌজা থেকে ১২৪৪ দশমিক ৭ একর জমি সেনানিবাসের জন্য অধিগ্রহণ করা হবে। এর মধ্যে জেএল ৪৯ দুধলমৌ মৌজার ৮০৯ দশমিক ১৫ একর, ২৪ নম্বর কানকী মৌজার ১৪২ দশমিক ৩৯ একর এবং ২৫ নম্বর বড় কৃষ্ণকাঠি মৌজার ২৯২ দশমিক ৫৩ একর জমি রয়েছে।
সেনানিবাস প্রতিষ্ঠার লক্ষ্যে গত ৫ সেপ্টেম্বর ভরপাশা ইউনিয়নের দুধলমৌ আর্শ্বেদ কাদের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে এলাকাবাসীর সঙ্গে সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।