বসতবাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ায় গত মঙ্গলবার রাত ১০টায় ছয়টি বাড়ি আগুনে পুড়ে যাওয়ার সংবাদ পাওয়া গেছে। উপজেলার আমিরাবাদ মল্লিক ছোবহান হাজির পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন খায়ের আহমদ, ফজলুল হক, মো. জাফর, ওসমান গণি, মো. শাহজাহান ও মো. শাহনেওয়াজ। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তাঁদের ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক তারে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। ওসমান গনির বাড়িতে আগুন লাগলে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ছয়টি পরিবারের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। সংবাদ পেয়ে পার্শ্ববর্তী সাতকানিয়া উপজেলার দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। ঘণ্টাব্যাপী দমকল বাহিনীর সদস্যসহ স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিজনূর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন।