বসতবাড়ির পাশে ইটের ভাটা
খুলনার ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়নের চহেড়া গ্রামের জনবসতিপূর্ণ এলাকায় ইটের ভাটা নির্মাণ করা হচ্ছে। সোমবার সরেজমিনে দেখা গেছে, চহেড়া গ্রামের জনববসতিপূর্ণ এলাকায় চিংড়িঘের ও ফসলি জমির ওপর ‘মেসার্স সেতু ব্রিকস’ নামে একটি ইটভাটা নির্মাণ শুরু হয়েছে। শ্রমিকদের থাকার জন্য আটটি ঘর নির্মাণ করা হয়েছে। ভাটা তৈরির জমি উঁচু বেড়িবাঁধ দিয়ে ঘিরে রাখা হয়েছে। এর পাশেই ২০টি পরিবার বসবাস করে। তার পাশেই জেলেপাড়ায় রয়েছে আরও প্রায় এক হাজার লোকের বাস। এ গ্রামের দক্ষিণ দিকে তিন কিলোমিটারের মধ্যে আরও পাঁচটি ইটভাটা রয়েছে।গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, এই ইটভাটা তৈরি হলে এলাকায় ভয়াবহ পরিবেশ দূষণ ঘটবে এবং বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। এলাকার কৃষিতেও বিপর্যয় নেমে আসবে—এ আশঙ্কায় তাঁরা ভাটা নির্মাণ বন্ধের দাবিতে ১২ জুন পরিবেশ অধিদপ্তর এবং ১৯ জুন খুলনার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন।গ্রামের অরূপ বিশ্বাস (৬০) বলেন, ‘আমাগে এই গ্রামেত্তে তাড়ায়ে দ্যাও। এহেনে ভাটা হলি আমরা বাঁইচে থাকতি পারব নানে। বসতবাড়ি থেকে ভাটার দূরত্ব মাত্র এক হাত। দক্ষিণের বাতাসে ধুলাবালি, কালো ধোঁয়া ও কালি আমাদের বাড়িঘরে চলে আসবে। আমরা নানা রকম অসুখে আক্রান্ত হব। আমরা ইটের ভাটা চাই না।’ সুনীল মণ্ডল বলেন, ‘ভাটায় ৩০ বিঘা জমির মধ্যে ১২ বিঘা খাসজমি। কিছু লোক সরকারের কাছ থেকে কম দামে জমি ইজারা নিয়ে বেশি দামে ইটভাটায় দিয়েছে। আমরা এ ভাটা নির্মাণ না করার দাবিতে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি।’ বিপ্লব মণ্ডল বলেন, ‘প্রয়োজনে রক্ত দেব তবুও এখানে ইটের ভাটা তৈরি করতে দেব না।’ ব্যবসায়ী আতিয়ার গাজী বলেন, ‘এখানে প্রতি বিঘা জমিতে ধান হয় প্রায় ২০ মণ, যার বাজারমূল্য ১৬ হাজার টাকা। আর মাছ চাষ করে আরও আয় আসে প্রায় ৫০ হাজার টাকা। মাত্র কয়েকজন জমির মালিকের কারণে আমরা দুর্ভোগ পোহাতে পারি না।’ নির্মাণকাজের তত্ত্বাবধানকারী মেসার্স সেতু ব্রিকসের ব্যবস্থাপক আমিরুল ইসলাম বলেন, ‘প্রতি বিঘা (৩৩ শতক) ১৫ হাজার টাকা করে ৩০ বিঘা জমি ইজারা নিয়ে আমরা কাজ শুরু করেছি। সংশ্লিষ্ট দপ্তর থেকে ইটভাটা নির্মাণের অনুমতি নেওয়ার চেষ্টা করছি।’ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনার উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোকলেছুর রহমান বলেন, ‘যেখানে ইটের ভাটা তৈরি করা হয় তার আশপাশের জমিতে ফসল উৎপাদন কমে যায়। ভাটায় ইট তৈরির জন্য ওপর ভাগের মাটি ব্যবহার করা হয়। ওই মাটি খুবই উর্বর। ইট তৈরিতে ওই মাটি ব্যবহার করা উচিত নয়।’ পরিবেশ অধিদপ্তর, খুলনার পরিচালক তরুণ কান্তি সিকদার বলেন, ‘ইটভাটা নির্মাণের জন্য ছাড়পত্র চেয়ে আমাদের কাছে এখন পর্যন্ত কেউ আবেদন করেনি। আবেদন করলে সরেজমিনে দেখে ছাড়পত্র দেওয়ার মতো পরিবেশ হলেই কেবল আমরা ছাড়পত্র দেব।’