বসতবাড়িসহ তলিয়ে গেছে ৪০০ হেক্টর রোপা আমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই হ্রদে পানি বেড়ে যাওয়ায় রাঙামাটি পৌরসভা এলাকায় এক হাজারের অধিক বসতবাড়িতে পানি উঠেছে। অপরদিকে জেলার হ্রদসংলগ্ন সাতটি উপজেলায় ৪০১ হেক্টর রোপা আমন ফসল পানিতে ডুবে গেছে। কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আবদুর রহমান বলেন, কাপ্তাই হ্রদে বর্তমানে পানি থাকার কথা ১০৭ দশমিক ২ ফুট এমএসএল (মিন সি লেবেল)। তার থেকে দেড় ফুটের সামান্য বেশি অর্থাৎ ১০৮ দশমিক ৮৬ ফুট এমএসএল রয়েছে। কিন্তু এখনো হ্রদের সর্বোচ্চ উচ্চতায় পানি বাড়েনি।আবদুর রহমান বলেন, ‘সর্বোচ্চ উচ্চতায় না বাড়লেও এখন খুব পানির চাপ রয়েছে। এ ছাড়া রাঙামাটির অনেক এলাকায় বসতবাড়ি ডুবে যাওয়ায় আজ (রোববার) দুপুর ১২টা থেকে ১৬টি স্পিলওয়ে (পানি নির্গমন পথ) দুই ফুট খুলে পানি ছেড়ে দেওয়া হচ্ছে।’ গতকাল রোববার পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বাসস্টেশন-সংলগ্ন শান্তিনগর এলাকার প্রধান সড়কে তিন থেকে সাড়ে তিন ফুট পানি। পুলিশ লাইন এলাকায় বাঁশের খুঁটি দিয়ে তৈরি বাসাগুলোতে পানি উঠেছে দুই থেকে চার ফুট। অন্যসব এলাকায়ও একই অবস্থা। রাঙামাটি পৌরসভার কাউন্সিলর রবিউল আলম বলেন, ‘আমাদের প্রাথমিক হিসাবমতে শান্তিনগরে ১৫০, বিএডিসি এলাকার রসুলপুরে ১০০, পৌরসভাসংলগ্ন বস্তিতে ২৫, পুরাতন বস্তিতে ৭০, জুলুক্যা পাহাড়ে ১৫০, মহসিন কলোনিতে ৫০, ওমদামিয়া হিলে ২৫, পুরাতন জালিয়াপাড়ায় ২০, পুলিশ লাইন এলাকায় ১৫০, আবদুল আলী একাডেমীর নিচের বস্তিতে ২০০, পুরাতন বাসস্ট্যান্ড ও মালিপট্টিতে ৫০, স্বর্ণটিলায় ২৫, আসমবস্তিতে ৩০ ও কলেজগেট আমানতবাগে ২০ পরিবারের বাড়িতে পানি ঢুকেছে।’ রবিউল আলম বলেন, গত কয়েক বছরে এভাবে পানি না বাড়ায় অনেকে নিচু এলাকায় বাড়ি নির্মাণ করেছে। তা ছাড়া এসব লোকজনের পানি ওঠানামার নির্দেশিকা সম্পর্কে কোনো ধারণা নেই।অপরদিকে রাঙামাটি কৃষি সম্প্রসারণ বিভাগের হিসাব মতে, হ্রদের পানি বেড়ে যাওয়ায় জেলার সাত উপজেলায় ৪০১ হেক্টর রোপা আমন পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে সদর উপজেলায় তিন হেক্টর, নানিয়ারচরে সাত দশমিক পাঁচ হেক্টর, বরকলে দুই হেক্টর, জুরাছড়িতে ৩০ হেক্টর, লংগদুতে ২৩ হেক্টর, বাঘাইছড়িতে ৩৩৩ হেক্টর এবং বিলাইছড়িতে তিন হেক্টর রয়েছে। তবে পাহাড়ি ঢলে ক্ষতি হওয়া রোপা আমনের হিসাব এর বাইরে বলে জানানো হয়েছে।রাঙামাটি কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. সাদির উদ্দিন বলেন, পানি যদি দ্রুত নামানো হয় তা হলে রোপা আমন ক্ষতি থেকে বাঁচতে পারে।