বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ফরিদপুরে শুরু হয়েছে নদীভাঙন। ইতিমধ্যে চরভদ্রাসন উপজেলার পদ্মার ভাঙনের শিকার হয়েছে ২৭টি বসতবাড়ি। এ ছাড়া নদীগর্ভে বিলীন হয়ে গেছে আরও ৮০ একর ফসলি জমি। ভাঙনের এ ঘটনা ঘটেছে উপজেলার গাজিরটেক ইউনিয়নের মধুফকিরের ডাঙ্গি ও জয়দেব সরকারের ডাঙ্গি গ্রামে।গাজিরটেক ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রব জানান, গত এক সপ্তাহে মধুফকিরের ডাঙ্গি গ্রামের ১৪টি পরিবারের বসতভিটা পদ্মায় বিলীন হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে শাহজাহান প্রামাণিক, মোহামঞ্চদ প্রামাণিক, আতিয়ার প্রামাণিক, আমেনা খাতুন, সেক খায়রু, সুধীর সরকার, রতি বিশ্বাস, প্রিয়া রানী, চারু বালা রানী, মধু বিশ্বাস, স্বপন কুমার বৈদ্য, রাধানাথ সরকার, বিমল চন্দ্র বিশ্বাস ও আঙ্গুরী রানী বিশ্বাসের পরিবার।ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল কুদ্দুস বলেন, জয়দেব সরকারের ডাঙ্গি গ্রামে গত এক সপ্তাহে ১৩টি পরিবারের বসতভিটা বিলীন হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে মাজেদ খাঁ, কাজেম খাঁ, সেক লাল মিয়া, নবীন সেক, ছালাম তালুকদার, শেখ আয়নাল, ইমারত তালুকদার, হালিমা বেগম, আবদুস ছাত্তার ক্বারী, আলমাস মোল্যা, আপ্তাব সরদার, সেক বদরুদ্দিন ও রীনা বেগমের পরিবার। বসতভিটা হারিয়ে এই ২৭টি পরিবার পাশের নতুনডাঙ্গি গ্রাম ও চর অমরাপুর গ্রামের বেড়িবাঁধে মানবেতর দিন কাটাচ্ছে।স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিজুল হক বলেন, গত শনিবার থেকে নদীভাঙন শুরু হলে ওই পরিবারগুলো আগে থেকেই ঘরবাড়ি সরিয়ে নেয়। তবে তাদের বসতভিটা ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ ছাড়া ওই এলাকার ৮০ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তিনি বলেন, ভাঙন রোধে এখনই পদক্ষেপ নেওয়া না হলে ওই দুটি গ্রাম বিলীন হয়ে যাবে।পানি উন্নয়ন বোর্ড ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন সরকার বলেন, চরভদ্রাসনের যে অংশে বর্তমানে ভাঙন চলছে সেখানে দুই কিলোমিটার অংশে নদীর তীর সংরক্ষণের কাজ করার জন্য ৬৫ কোটি টাকার একটি প্রস্তাব পানিসম্পদ মন্ত্রণালয়ে জমা দেওয়া আছে। প্রস্তাবটি অনুমোদন করা হলে চরভদ্রাসনের ভাঙনকবলিত ওই এলাকায় কাজ করা সম্ভব হবে।