বসতভিটা উদ্ধারের দাবিতে অনশন
বসতভিটা পুনরুদ্ধারের দাবিতে গতকাল রোববার সকাল ১০টায় জেলা কালেক্টরেট ভবন চত্বরে গায়ে কাফনের কাপড় জড়িয়ে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন ভূমিহীন আবদুর রাজ্জাক এবং তাঁর পরিবারের সদস্যরা। বেলা একটার দিকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মজিবর রহমান দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে তাঁরা অনশন ভঙ্গ করেন। তবে এ সময় আবদুর রাজ্জাক জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগপত্র দেন।ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, ‘অভিযোগের সত্যতা যাচাইয়ে পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন চেয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পত্র দেওয়া হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ অভিযোগপত্রে ভূমিহীন আবদুর রাজ্জাক দাবি করেন, তিনি ২০০৯ সালের ২৪ জুন পাইকপাড়া মৌজায় আরএস ১ নম্বর খতিয়ানের ২ নম্বর দাগের আট শতক জমি চিরস্থায়ী বন্দোবস্ত নেন। নিয়মানুযায়ী জমি খারিজ এবং খাজনা পরিশোধ করেছেন। সেখানে ঘর তৈরি করে দেড় বছর ধরে বসবাস করছেন। ঘোলদাড়ি পুলিশ ফাঁড়িসংলগ্ন ওই আট শতক জমির বর্তমান বাজারদর ১৫ থেকে ২০ লাখ টাকা। ওই জমি দখলে নিতে চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাসুদউজ্জামান (লিটু বিশ্বাস) দীর্ঘ দিন ধরে নানা প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তিনি আবদুর রাজ্জাক ও তাঁর বাবা মুক্তার আলীর নামে ঢাকার বংশাল থানায় একটি মামলা করেন। আলমডাঙ্গা থানার পুলিশ ওই মামলায় গত ৩ মার্চ তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে আদালত ওই দিনই জামিনে মুক্তি দেন। আবদুর রাজ্জাক জানান, তাঁর জমিতে মাসুদ উজ্জামান বর্তমানে পাকা দোকানঘর তৈরি করছেন। এ ব্যাপারে গত ১৯ এপ্রিল আদালত থেকে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি হলেও নির্মাণকাজ অব্যাহত রয়েছে।