বসতভিটা ছেড়েছে প্রায় ২০০ পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালীর সাপমারার ডেইল পশ্চিমপাড়ার বাসিন্দা দিনমজুর আবুল কালামের মাটির ঘরটি গত বছর ঘূর্ণিঝড় কোমেনের কবলে পড়ে ভেঙে যায়। পরে লাখ টাকা খরচ করে মাটির দেয়াল আর টিনের চালার আরেকটি ঘর তৈরি করে পরিবারের ছয় সদস্য নিয়ে বসবাস করছিলেন। কিন্তু গত ২১ মে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে আবুল কালামের ঘরটি মাটির সঙ্গে মিশে যায়। বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্রতিনিয়ত জোয়ার-ভাটার কারণে নতুন করে ঘর তৈরি করতে পারছেন না তিনি। এখন পরিবার পরিজন নিয়ে বসতভিটা ছেড়ে পাশের কালারমারছড়া পাহাড়ি এলাকায় আশ্রয় নিয়েছেন।
একই অবস্থা জেলে সিরাজুল হকেরও। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যুদ্ধ করে টিকতে না পেরে বসতভিটা ছেড়েছেন। আশ্রয় নিয়েছেন পাহাড়ের ঢালে। আবুল কালাম ও সিরাজুল হকের মতো ধলঘাট ইউনিয়নের ১৪ গ্রামের প্রায় ২০০ পরিবার এলাকা ছেড়েছে। জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া যায়।
ধলঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে পুরো এলাকা লন্ডভন্ড হয়ে গেছে। অন্তত দেড় হাজার ঘরবাড়ি একেবারেই ভেঙে গেছে। তার মধ্যে বসতভিটা ছেড়ে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছে প্রায় ২০০ পরিবার। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চূড়ান্ত তালিকা করতে গিয়ে বসতভিটা ছাড়ার এই চিত্র পাওয়া যায়। তিনি বলেন, চারপাশে টেকসই বেড়িবাঁধ নির্মাণ না করলে এলাকায় কেউ বসবাস করতে পারবে না।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিউল আলমও স্বীকার করেন ভাঙা বাঁধ সংস্কার না হওয়ায় অনেকে এলাকা ছেড়েছেন। তিনি বলেন, এসব গৃহহারা পরিবারকে পুনর্বাসন করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান, ২০১১ সালের জুন মাসে ১৩ কোটি টাকা ব্যয়ে ধলঘাট ইউনিয়নের সুতরিয়ার দক্ষিণ থেকে মাতারবাড়ি সাইরার ডেইলের দক্ষিণ এলাকা পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার বাঁধ, সাড়ে সাত শ মিটার বিকল্প বাঁধ ও ১ দশমিক ২২ কিলোমিটার বেড়িবাঁধে সিসি ব্লক নির্মাণ করা হয়। কিন্তু দুই বছর আগে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে সিসি ব্লক ধসে পড়ে এবং সরইতলার দুই কিলোমিটার বাঁধ সাগরে বিলীন হয়ে যায়। সর্বশেষ গত ২১ মে ঘূর্ণিঝড় রোয়ানুর কবলে পড়ে পুরো এলাকাটি লন্ডভন্ড হয়ে গেছে। ধলঘাট অংশে বিলীন হয়ে গেছে ছয় কিলোমিটার বেড়িবাঁধ।
পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজার জেলার নির্বাহী প্রকৌশলী মো. সাবিবুর রহমান বলেন, ধলঘাট ও মাতবাড়ির সাত কিলোমিটার বেড়িবাঁধ মেরামতের জন্য গত ১৫ জুন দরপত্র আহ্বান করা হয়েছে। প্রক্রিয়া সম্পন্ন করে শিগগির কাজ শুরু করা হবে।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, সরইতলা, ষাইটপাড়া, সুতরিয়া, বেগুনবনিয়া, পণ্ডিতের ডেইল, সাপমারার ডেইল, দক্ষিণ সুতরিয়া, সিকদারপাড়া, পানিরছড়া, বনজামিরাঘোনা ও মুহুরীঘোনার অন্তত ৫০০ ঘরবাড়ি ভাঙা অবস্থায় পড়ে আছে। এসব ভাঙা ঘরের পাশে পলিথিন টাঙিয়ে গৃহহারা পরিবারের লোকজন বসবাস করছেন।
পণ্ডিতের ডেইল এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, ‘গত বছর ঘূর্ণিঝড় কোমেনের কবলে পড়ে ঘরবাড়ি সাগরে তলিয়ে গেছে। এরপর এলাকার লোকজনের কাছ থেকে ঋণ নিয়ে ৩০ হাজার টাকা খরচ করে মাটির ঘর তৈরি করি। কিন্তু সেই ঘরটি ঘূর্ণিঝড় রোয়ানু কেড়ে নিল। এখন নতুন করে ঘর তৈরি করার সামর্থ্য নেই। ফলে পলিথিন টাঙিয়ে বসবাস করছি।’
ধলঘাট ইউনিয়ন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, ঘূর্ণিঝড় রোয়ানুর পরে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের তালিকা তৈরির কাজ চলছে। কিন্তু প্রতিটি এলাকা ঘুরে দেখা গেছে জোয়ার-ভাটার ভোগান্তি সহ্য করতে না পেরে অনেকে এলাকা ছেড়ে চলে গেছে।
জানতে চাইলে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম বলেন, ঘূর্ণিঝড় রোয়ানুর পর তাৎক্ষণিকভাবে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। আর যাঁদের ঘরবাড়ি একেবারেই ভেঙে গেছে তাঁদের মধ্যে আপাতত ১৬০ পরিবারের জন্য ১৬০ বান্ডিল ঢেউটিন বরাদ্দ পাওয়া গেছে। শিগগির এসব ঢেউটিন বিতরণ করা হবে।