বসতভিটা বিলীন, হুমকিতে বাজার ও বিদ্যালয়
ধরলা নদীর ভাঙনে কুড়িগ্রামের সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা বিলীন হয়ে যাচ্ছে। গত কয়েক দিনে ২৫টি বসতভিটা ও কিছু ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে হাটবাজার, ঘাট, বিদ্যালয়, ইউপি ভবনসহ বিভিন্ন স্থাপনা।সরকার ভাঙন ঠেকাতে ব্যবস্থা না নেওয়ায় ফুসে উঠছে এলাকার মানুষ। মোগলবাসা ইউনিয়ন রক্ষার দাবিতে স্থানীয় লোকজন কয়েক দফা নদীতীরে মানববন্ধন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড (পাউবো) আজও কোনো ব্যবস্থা নেয়নি।কুড়িগ্রাম শহর থেকে সাত কিলোমিটার দূরে মোগলবাসা ইউনিয়ন। গত পাঁচ দিনে এ ইউনিয়নের কিষামত মালভাঙ্গা, সন্ন্যাসীপাড়া, দত্তপাড়া, বাড়ারপাড়া, জেলেপাড়া, ব্যাপারীপাড়া ও সবুজপাড়া গ্রামের ২৫টি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ইউনিয়নের উপস্বাস্থ্যকেন্দ্র, মোগলবাসা উচ্চবিদ্যালয় ও ইউপি ভবন হুমকির মুখে রয়েছে। এর মধ্যে বিদ্যালয় ভবন যেকোনো মুহূর্তে নদীতে বিলীন হয়ে যেতে পারে।ভাঙনকবলিত কৃষামত মালভাঙ্গা গ্রামের আম্বিয়া বেগম বলেন, ‘স্বামী আইয়ুব আলী ও দুই সন্তানকে নিয়ে ওয়াপদা বাঁধে আশ্রয় নিয়েছি। এখন অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে।’কৃষক হজরত আলী জানান, কয়েক বছরে ছয় থেকে সাতবার তিনি নদীভাঙনের শিকার হয়েছেন। এরই মধ্যে তাঁর ৫৫ শতক আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।আবদুল হাই জানান, ধরলা নদীতে পানি কমে যাওয়ায় অসংখ্য ডুবো চর জেগে উঠেছে। উজান থেকে নেমে আসা পানি সেই চরে বাধাপ্রাপ্ত হচ্ছে। এতে পশ্চিম দিকে পাঁচ কিলোমিটার এলাকা ভাঙছে। জরুরি ভিত্তিতে ডুবো চরগুলো না কাটলে পুরো ইউনিয়ন ভাঙনের কবলে পড়বে।জেলেপাড়ার রাজেন জানান, নদীর তীব্র স্রোত এসে ঘুরপাক খায়। এতে বসতভিটা ভেঙে যায়। ঘরবাড়ি সরানোর সময় পাওয়া যায় না।মোগলবাসা ইউপির চেয়ারম্যান এনামুল হক জানান, তিনি ভাঙন ঠেকাতে গ্রামবাসীদের কাছ থেকে বাঁশ সংগ্রহ করে পাইলিংয়ের ব্যবস্থা করেছেন।পাউবো কুড়িগ্রাম কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবু তাহের জানান, ধরলার ভাঙন প্রতিরোধে জরুরিভাবে কাজ করার প্রয়োজনীয়তার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘আমি নদীভাঙনে সর্বস্ব হারানো মানুষের সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। তাদের সাহায্যের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’