জমি অধিগ্রহণের আওতায় পড়া ময়মনসিংহের চরবাসী নিজেদের বসতভিটা রক্ষার দাবিতে অনড় অবস্থানে রয়েছেন। গত ২১ ও ২২ জুন প্রশাসনের সঙ্গে চরবাসীর সভায় সিদ্ধান্ত হয়, ৯ জুলাই অধিগ্রহণকৃত এলাকায় আবারও তথ্য সংগ্রহ করবে প্রশাসন। তবে এর আগে গত শুক্রবার বিকেলে এক সমাবেশে আবারও নিজেদের বসতভিটা না দেওয়ার ঘোষণা দেন চরবাসী।
বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্র ও চরবাসীর কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন সরকারি কার্যালয় ও আধুনিক নগর গড়ে তোলার লক্ষ্যে সরকার ব্রহ্মপুত্র নদের চর এলাকায় ৫টি গ্রামে মোট ৪ হাজার ৩৩৬ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত করে। এরপর থেকেই চরবাসী নিজেদের বসতভিটা রক্ষার দাবিতে আন্দোলন করছেন। চরবাসীর আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ২১ ও ২২ জুন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দুটি সভা হয়। দুটি সভাতেই চরবাসীর আন্দোলনের নেতৃত্ব দেওয়া প্রতিনিধিদল উপস্থিত ছিল। ২২ জুনের সভায় ওই প্রতিনিধিদলের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়, প্রশাসনের পক্ষ থেকে ৯ জুলাই থেকে আবারও অধিগ্রহণকৃত এলাকার তথ্য সংগ্রহ করা হবে। চরবাসীর দাবি, অধিগ্রহণ করা এলাকায় ৬০ হাজার মানুষের বসবাস। সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। প্রশাসন ওই সব তথ্য পুনরায় যাচাই করবে। ২১ ও ২২ জুনের সভায় ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিনের পক্ষ থেকে বলা হয়, অধিগ্রহণের কারণে উচ্ছেদ হওয়া মানুষদের যথাযথ পুনর্বাসন করা হবে। তাঁদের জমির দাম পূর্বঘোষণা অনুযায়ী তিন গুণের চেয়ে আরও বাড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চরবাসীর দেওয়া বিকল্প প্রস্তাব বিবেচনা করা হবে।
ওই সব সিদ্ধান্তের পরও গত শুক্রবার বিকেলে চর এলাকার জয়বাংলা বাজারে এক সমাবেশে আবারও নিজেদের বসতভিটা না দেওয়ার ঘোষণা দেন চরবাসী। চর এলাকার ছাত্র ও যুবসমাজের উদ্যোগে আয়োজিত ওই সমাবেশে অধিগ্রহণের আওতায় পড়া পাঁচটি গ্রামের প্রায় এক হাজার মানুষ অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, ‘যেকোনো মূল্যে আমরা নিজেদের বসতভিটা রক্ষা করব। জোর করে জমি অধিগ্রহণের চেষ্টা করা হলে, যদি অপ্রীতিকর কিছু ঘটে, তার দায় প্রশাসনকে নিতে হবে।’ বক্তারা জমি অধিগ্রহণ থেকে বসতভিটাকে বাদ দেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান। যদি বসতভিটাকে বাদ দেওয়া না হয়, তাহলে যেকোনো মূল্যে তাঁরা নিজেদের বসতভিটা রক্ষা করবেন বলে ঘোষণা দেন। সমাবেশে রাশিদুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় ছাত্র ও যুবকেরা বক্তব্য দেন।
বসতভিটা রক্ষা কমিটির আহ্বায়ক সৈয়দ মোশাররফ হোসেন বলেন, ২২ জুনের সভার সিদ্ধান্তগুলো চরবাসীকে জানানো হয়েছে। তাঁরা এতে আস্থা রাখতে না পেরে বসতভিটা রক্ষার দাবিতে সমাবেশ করেছেন।