বসতভিটা রক্ষায় শহরে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রহ্মপুত্র নদ–তীরবর্তী চরাঞ্চলে জমি অধিগ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল ময়মনসিংহ শহরে বিক্ষোভ করেন চরাঞ্চলের হাজার হাজার মানুষ। এ জন্য তাঁরা কয়েক কিলোমিটার হেঁটে শহরে আসেন। ছবিটি বাংলাদেশ–চীন মৈত্রী সেতু থেকে তোলা l প্রথম আলো
ব্রহ্মপুত্র নদ–তীরবর্তী চরাঞ্চলে জমি অধিগ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল ময়মনসিংহ শহরে বিক্ষোভ করেন চরাঞ্চলের হাজার হাজার মানুষ। এ জন্য তাঁরা কয়েক কিলোমিটার হেঁটে শহরে আসেন। ছবিটি বাংলাদেশ–চীন মৈত্রী সেতু থেকে তোলা l প্রথম আলো

সরকারের জমি অধিগ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদে ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের মানুষ এত দিন চর এলাকায় আন্দোলন করে আসছিলেন। গতকাল বুধবার তাঁরা বসতভিটা রক্ষায় বিশাল মিছিল নিয়ে শহরে আসেন। তাঁরা জেলা প্রশাসনের কাছে তাঁদের দাবিসংবলিত স্মারকলিপি দিয়েছেন।
বসতভিটা রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক সৈয়দ মোশারফ হোসেন জানান, জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গালিব খান।
জমি অধিগ্রহণের প্রতিবাদে আন্দোলন প্রসঙ্গে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন বলেন, ‘আমরা তাঁদের (চরবাসী) প্রতিনিধিদলের সঙ্গে কথা বলেছি। জমি অধিগ্রহণ করা হলে তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি বিভাগীয় শহরে তাঁদের থাকার ব্যবস্থা করা হবে। সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়টি সরকারের। এ নিয়ে আমার কিছু বলার নেই।’
ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয় ও আধুনিক ময়মনসিংহ নগরের জন্য ব্রহ্মপুত্র নদের চরের পাঁচটি গ্রামের প্রায় সাড়ে চার হাজার একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পরিপ্রেক্ষিতে নিজেদের বসতবাড়ি রক্ষার দাবিতে প্রায় দেড় মাস ধরে আন্দোলন করে আসছেন ওই সব গ্রামের মানুষ।
গতকালের মিছিলে হাজার হাজার মানুষ অংশ নেন। মিছিলটি শহর প্রদক্ষিণ করার সময় যান চলাচল থেমে যায়। সরেজমিনে দুপুর ১২টা থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত স্টেশন রোড, গাঙ্গিনারপাড় ও নতুন বাজার এলাকায় অবস্থান করে দেখা যায়, দীর্ঘ মিছিলে হাজারো চরবাসী। ‘মোদের দাবি একটাই, বসতভিটা রক্ষা চাই’, ‘আমাদের দাবি মেনে নাও, নইলে মুখে বিষ দাও’ ইত্যাদি স্লোগানে মুখর হয়ে ওঠে শহর। কয়েকজন মিছিলকারীর সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা প্রায় ১৫ কিলোমিটার পথ হেঁটে শহরে এসেছেন। ৬০ বছর বয়সী চর ভবানীপুর গ্রামের আবদুল গনি বলেন, ‘বাপ-দাদার ভিটা বাঁচাইতে আমরা আইছি। আমরা সরকারের কাছে ভিক্ষা চাই।’
গ্রামবাসী ও শহরবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, পূর্বঘোষণা অনুযায়ী সকাল নয়টা থেকে চর ঈশ্বরদিয়া ইউনিয়নের জয় বাংলা বাজারে চর গোবিন্দপুর, চার আনন্দিপুর, চর ভবানীপুর ও চর দুর্গাপুর গ্রামের বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশু জড়ো হয়। পরে মিছিল করে তাঁরা জয় বাংলা বাজার থেকে শম্ভুগঞ্জ বাজার হয়ে শহরে ঢোকেন। মিছিল শহরে ঢোকার পর কার্যত অচল হয়ে যায় গাঙ্গিনারপাড়, র‌্যালি মোড়, নতুন বাজার ও স্টেশন রোড এলাকা। সরকারের একটি গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা বলেন, মিছিলে কমপক্ষে ২০ হাজার মানুষ অংশ নিয়েছেন।