বসতভিটা হুমকিতে ফেলে নদী থেকে বালু উত্তোলন

বগুড়ার ধুনটে বসতভিটা, আবাদি জমি ও রাস্তা ভাঙনের হুমকিতে ফেলে বাঙ্গালী নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। বালু উত্তোলন বন্ধের দাবিতে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পায়নি।
সরেজমিনে গত শুক্রবার সকালে দেখা যায়, ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নে বাঙ্গালী নদীর জয়শিং গ্রামের নৌঘাট এলাকায় সাবানুর রহমানসহ কয়েকজন ব্যবসায়ী ড্রেজার মেশিনের সাহায্যে অবাধে বালু তুলছেন। নদী-তীরবর্তী গ্রামের অন্যদের বসতভিটা, আবাদি জমি ভাঙনের মুখে ফেলে তাঁরা বালু তুলে লাখ লাখ টাকার অবৈধ ব্যবসা করছেন বলে এলাকাবাসীর অভিযোগ। বালু ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা সবাই প্রভাবশালী বলে প্রশাসনের কাছে অভিযোগ দিলেও কোনো লাভ হয় না। এ কারণে ক্ষতিগ্রস্ত লোকজন তাঁদের বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ দিতেও সাহস পাচ্ছেন না।
জয়শিং গ্রামের হাসেম আলী বলেন, ‘হামাগরে বাড়িঘর লদীর মদ্যি ভাংগি গেল। আর তারা লদীত থাকুনি বালু তুলি টিকা লিয়া অন্যের বাড়ি বানি দিচ্ছে। ওরা এলাকার লেতা হচে। তাই ওগরে বিচার কেউ লিতি চায় না। হামাইগরে কোথা কে শুনবি। হামরাতোর আর লেতা লই।’
একই গ্রামের নদীভাঙনের শিকার চান মিয়া, মসলিম, জামিলসহ অন্তত ২০ জন একই ধরনের অভিযোগ করেন।
বালু উত্তোলনকারী ধামাচাপা জয়শিং গ্রামের সাবানুর রহমান বলেন, ‘আমি নদী থেকে ভ্রাম্যমাণভাবে বালু উত্তোলন করি। যে যেখানে যেভাবে বালু চায়, আমি তাদের নদী থেকে উত্তোলন করে দিই। আমার মতো আরও অনেকে এ কাজের সঙ্গে জড়িত। নদী থেকে বালু উত্তোলন করতে সরকারি কোনো অনুমতি নেওয়া হয়নি। আমরা সবাই এভাবেই বালু উত্তোলন করে থাকি।’
নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদ্দৌলা বলেন, ‘এভাবে বালু তোলার ফলে কয়েক গ্রামের বেশ অনেকগুলো পরিবারের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। বসতভিটা ও আবাদি জমি হারিয়ে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অভিযোগের ভিত্তিতে এসব বালু উত্তোলন বন্ধ করতে বলা হলেও কে শোনে কার কথা।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউপিএ) হাফিজুর রহমান অভিযোগের বিষয় অস্বীকার করে বলেন, ‘বাঙ্গালী নদী থেকে বালু উত্তোলন করতে সরকারিভাবে কাউকে কোনো অনুমতি দেওয়া হয়নি। অবৈধভাবে বালু তোলার বিষয়ে আমাকে কেউ জানায়নি। খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’