বসতি উচ্ছেদ না করার দাবিতে মহেশখালী সড়কে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের পাহাড়ি এলাকার ১৫ হাজার বসতি উচ্ছেদ না করার দাবিতে গতকাল শনিবার দুপুরে স্থানীয় এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। স্থানীয় নয়াপাড়ার বাসিন্দা নুরুল আবছার, নাজির হোসেন ও হারুনর রশিদ অভিন্ন সুরে বলেন, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ও পেট্রোলিয়াম করপোরেশন পাহাড়ে বসবাসরত ১৫ হাজার বসতি উচ্ছেদ করে তেলের ট্যাংকার স্থাপন করার ষড়যন্ত্র করছে। ট্যাংকার স্থাপনের জন্য নির্বিচারে কাটা হবে পাহাড়। এতে পরিবেশের ক্ষতি হবে। এ এলফ কনসালট্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ের সার্ভেয়ার মোহাম্মদ রিপন বলেন, চার মাস ধরে তেলের ট্যাংকার করার জন্য প্রায় ৮২ হেক্টর পাহাড়ি জমিতে জরিপকাজ চলছে। আর মাটি পরীক্ষার জন্য পাঁচ দিন ধরে বিভিন্ন স্থানে বোরিং কাজ চলছে। প্রথমে এলাকায় কাজ করতে গেলে স্থানীয় লোকজন বাধা দেয়। পরে পুলিশের পাহারায় কাজ চালানো হয়। মোহাম্মদ রিপন বলেন, চারপাশে বসতি না থাকায় নিরাপদ স্থান হিসেবে মহেশখালীর পাহাড়ি এলাকাকে ট্যাংকার স্থাপনের উপযোগী স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর এ ট্যাংকার স্থাপনের জন্য পাহাড় হবে কি না—জানতে চাইলে তিনি বলেন, পাহাড় কেটে তেলের ট্যাংকার বসানো হবে। এতে পরিবেশের ক্ষতি হলেও তা বন মন্ত্রণালয় থেকে আগেভাগেই অনুমতি নেওয়া হয়েছে বলে তিনি জানান। বন বিভাগের মহেশখালীর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ বজলুর রহমান বলেন, উপরের নির্দেশে বন বিভাগের জমির ওপর জরিপকাজ চালানোর অনুমতি দেওয়া হয়েছে। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউসার হোসেন বলেন, প্রাথমিক পর্যায়ে একটি তেলের পাইপলাইন স্থাপনের জন্য মাটি পরীক্ষার কাজ চলছে। এতে পাইপলাইন স্থাপনের জন্য কোনো বসতি উচ্ছেদ করা হবে না।