বসতি ও পানের বরজ স্থাপনে পাহাড় কাটা চলছে
কক্সবাজারের মহেশখালী উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বসতি ও পানের বরজের জন্য পাহাড় কাটা হচ্ছে। এর মধ্যে পাহাড় কেটে সংরক্ষিত বনে ছোট-বড় মিলে প্রায় ১০ হাজার অবৈধ বসতি ও আট হাজার পানের বরজ স্থাপন করা হলেও তা উচ্ছেদের ব্যাপারে বন বিভাগ কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯৭৫ সালের পর থেকে উপজেলার বড় মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া, শাপলাপুর ও ছোট মহেশখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় সংরক্ষিত বনের ভেতর পাহাড়ের ঢালু ও চওড়ায় অবৈধভাবে বসতি ও পানের বরজ স্থাপন করে স্থানীয় লোকজন। এসব বসতি ও বরজ স্থাপন করতে গিয়ে কাটা পড়ে সংরক্ষিত বনের গাছ ও পাহাড়। কালারমারছড়া ইউনিয়নের আফজলিয়াপাড়ার বাসিন্দা নুরুল আমিন ও আবুল কাসেম বলেন, বর্ষা আসার পর থেকে চালিয়াতলি ও ষাইটমারা পাহাড়ের ভেতরে বসতি ও পানের বরজ স্থাপনের জন্য কাটা হচ্ছে পাহাড়। কিন্তু এতে বনকর্মীরা কোনো বাধা দিচ্ছেন না।একই ইউনিয়নের ঝাপুয়া এলাকার বাসিন্দা আলি আজগর ও নুর আহমদ বলেন, সম্প্রতি পাহাড়ধসে এ এলাকার পাঁচ ব্যক্তি নিহত হয়। এর পরও বসতি ও পানের বরজের জন্য স্থানীয় লোকজন পাহাড় কাটছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, মহেশখালীতে এক হাজার ৫০০ হেক্টর জমিতে পানের চাষ হচ্ছে। তার মধ্যে সংরক্ষিত পাহাড়ের ভেতরে পান চাষ হচ্ছে এক হাজার ৩৫০ হেক্টর জমিতে। প্রতি হেক্টর জমিতে ছয়টি পানের বরজ করা যায়। আর পাহাড়ে পানের বরজের সংখ্যা ছোট-বড় মিলে প্রায় আট হাজার।পরিবেশ অধিদপ্তরের মহেশখালী উপজেলার জীববিদ সংরক্ষক আবদুল কাইয়ুম বলেন, এর মধ্যে পাহাড় কেটে কয়েক হাজার পানের বরজ ও বসতি স্থাপন করায় পরিবেশের ক্ষতি হচ্ছে। এ কারণে পাহাড় কাটার দায়ে ১০ জনকে নোটিশ দেওয়া হয়েছে।